ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অবৈধভাবে জারকিনে করে পেট্রোল মজুত রাখার অপরাধে আরএন ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রমমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আরএন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রায় ১০০ লিটার পেট্রোল জারকিনে ভরে টয়লেটে মজুত করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পাম্পের টয়লেট থেকে পেট্রোলবোঝাই ১০টি জারকিন উদ্ধার করে।
পরে ভ্রমমাণ আদালত পরিচালনা করে পাম্প মালিক রেজওয়ানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রেজওয়ানুল হক উপজেলার সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহকারী কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবির জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখায় তেলের পাম্প মালিককে জরিমানা করা হয়। মজুতদারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

