আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসাদুল হাবিব দুলুর মন্ত্রী হওয়ার খবরে লালমনিরহাটে মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

আসাদুল হাবিব দুলুর মন্ত্রী হওয়ার খবরে লালমনিরহাটে মিষ্টি বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর শপথ নেওয়ার খবরে লালমনিরহাটে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। মঙ্গলবার বিকেলে তরুণদের সংগঠন ‘জেনজি লালমনিরহাট’ উদ্যোগে শহরে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় সংগঠনের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সদস্য সচিব আতিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, লালমনিরহাট (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিএনপি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি একই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রায় ২৫ বছর পর আবারও একই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠন ও আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তিনি পরিচিত। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে তিস্তা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি এবার সফলতার মুখ দেখবে।

তরুণ নারী উদ্যোক্তা সেলিনা বেগম সুইটি বলেন, “আমরা বিএনপির জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর মন্ত্রী হওয়ার খবরে আনন্দিত। আশা করি তিনি নারীদের উন্নয়ন ও স্বাবলম্বিতায় কার্যকর উদ্যোগ নেবেন।”

সদরের গোকুন্ডা ইউনিয়নের তিস্তা এলাকার বাসিন্দা নাট্য সংগঠক মাখন দাস বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আন্দোলনে তিনি রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষকে সম্পৃক্ত করেছেন। তিনি মন্ত্রী হওয়ায় এ পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন