পীরগাছায় সোনালী ব্যাংকের সেই বিতর্কিত ব্যবস্থাপক স্ট্যান্ড রিলিজ

পীরগাছায় সোনালী ব্যাংকের সেই বিতর্কিত ব্যবস্থাপক স্ট্যান্ড রিলিজ

গ্রাহক হয়রানি, অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত সোনালী ব্যাংক রংপুর পীরগাছা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা শাখার জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা (এসপিও) ইকবাল বাহার।

এর আগে গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, অনিয়ম ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে ‘আমার দেশ’ অনলাইনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসার পর গতকাল রোববার ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করে।

এজিএম কামাল পাশাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির আরেক সদস্য ছিলেন প্রধান কর্মকর্তা (পিও) আতিকুল ইসলাম। কমিটির সদস্যরা রোববার দিনব্যাপী পীরগাছা শাখায় সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্তকালে তারা অসংখ্য ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে কথা বলেন এবং প্রকাশিত প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

তদন্ত চলাকালে গ্রাহকেরা শাখা ব্যবস্থাপকের দুর্ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হয়রানি, চেকবই ও সলভেন্সি সার্টিফিকেট প্রদানে টালবাহানা, ঋণসংক্রান্ত কার্যক্রমে অনিয়ম এবং ব্যবস্থাপকের কক্ষে সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার সীমিত রাখার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

প্রাথমিক তদন্তেই অভিযোগের সত্যতা মেলায় তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার মাত্র এক দিনের মাথায় শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন