পীরগাছায় পেঁপে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

পীরগাছায় পেঁপে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

রংপুরের পীরগাছায় রাতের আঁধারে একটি ফলন্ত পেঁপে বাগানের প্রায় ৪১০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতির দাবি করেছেন বাগানের মালিক কৃষক শফিকুল ইসলাম। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বাগান মালিক সূত্রে জানা যায়, কৃষক শফিকুল ইসলাম প্রায় এক বছর আগে নিজ উদ্যোগে ৪৪ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপের বাগান গড়ে তোলেন। দীর্ঘদিন পরিচর্যার পর বাগানের গাছগুলোতে ফলন আসতে শুরু করে। এতে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন তিনি।

তবে বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে একে একে প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলে। বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান শফিকুল ইসলাম। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম বলেন, “আমার স্বপ্নের বাগানের ৪১০টি গাছ এক রাতের মধ্যেই শেষ করে দিল দুর্বৃত্তরা। এতে আমার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

তিনি আরও জানান, বাগানটি নিয়ে তার অনেক আশা ছিল। গাছগুলোতে ফলন আসায় অল্প সময়ের মধ্যেই আয় শুরু করার প্রত্যাশা করেছিলেন। কিন্তু রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলায় তার দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগ নষ্ট হয়ে গেছে।

ঘটনার পরপরই ন্যায়বিচার চেয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, পেঁপে গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন