মেসির জাদুর কাছে উড়ে গেল ওঝার কালো জাদু

শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়, রংপুরে বাঁধভাঙ্গা উল্লাস

মেজবাহুল হিমেল, রংপুর

শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়, রংপুরে বাঁধভাঙ্গা উল্লাস
ছবি: আমার দেশ

বিশ্বকাপের শেষ ৩২-এ রোমাঞ্চকর এক ম্যাচে কেপ ভার্দেকে বিদায় করেছে আর্জেন্টিনা। খেলা শুরুর ২৮ মিনিটের মাথায় লিওনেল মেসির গোলে লীড পায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কিছুটা ছন্দ হারাতেই সুযোগটা নিয়েছে কেপ ভার্দে। ৫৯ মিনিটে তারা ডেরয় দুয়ার্তের গোলে আর্জেন্টিনার জাল কাঁপিয়ে স্কোরলাইন ১-১ পরিণত করেছে।

খেলার ৯০ মিনিটে ১-১ গোল হওয়ার অতিরিক্ত ৩০ মিনিটে খেলতে নেমে ৯১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল আরেকজনের স্পর্শ পেয়ে একপাশে ফাঁকায় থাকা লিসান্দ্রো পেয়ে যান। হয়তো ধারণা ছিল তিনি ক্রস করবেন, কিন্তু তা না করে দুরূহ কোণ থেকে জোরালো শটে ভোজিনহাকে বোকা বানিয়ে জাল কাঁপিয়েছেন। ১০৩ মিনিটে সেই গোল শোধ করেছেন কেপ ভার্দের সিডনি ক্যাব্রাল।

বিজ্ঞাপন

মেসির নেওয়া নিখুঁত কর্নার পেয়ে ক্রিস্টিয়ান রোমেরো হেড দেন, বল জালে জড়িয়ে যাওয়ার আগে সেটি কেপ ভার্দে ডিফেন্ডার হাতে লেগেছে। ফলে আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ গোলের এই জয়ে আকাশি-সাদারা চলে গেছে শেষ ষোলয়।

ভোর চারটা বাজার ৩০ মিনিট আগে থেকেই রংপুরের পাবলিক লাইব্রেরির মাঠে বড় স্কিনে খেলা দেখতে আসে আর্জেন্টিনা ভক্তরা। খেলা শুরুর আগেই পুরো পাবলিক লাইব্রেরির মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যখন কেপ ভার্দে আর্জেন্টিনার পাশে বল নিয়ে যায় তখন ব্রাজিল সমর্থকরা উল্লাস করে। আর আর্জেন্টিনা যখন বল কেপ ভার্দের দিয়ে নিয়ে যায় তখন আর্জেন্টিনার ভক্তরা বাঁশি ও উল্লাস করে গোল গোল বলে চিল্লায়।

রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি জহির আলম নয়ন বলেন, আমরা সবাই টেনশনে ছিলাম স্বাভাবিক, তবে আত্মবিশ্বাস ছিল আর্জেন্টিনা জিতবে। কেপ ভার্দে ভালো খেলেছে।

এটা অস্বীকার করার সুযোগ নেই। কেপ ভার্দের গোলরক্ষক অনেক ভালো খেলেছে। শেষের গোল দুটি হওয়ার কথা, অন্য গোলরক্ষক হলে হয়ে যেত। সে যথেষ্ট চেষ্টা করেছে। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল আর্জেন্টিনা ভালো খেলেই জিতেছে।

ব্রাজিলের সামর্থকদের উদ্দেশ্য করে নয়ন বলেন, নিন্দুকের মুখে পড়ুক ছাই। এর আগে তারা জাপানের সঙ্গে কি খেলেছে আপনারা সবাই দেখেছেন। আজকে কেপ ভার্দে ও আর্জেন্টিনা দুটি দলেই ভালো ছিল।

তিনি আরও বলেন, আজকে আর্জেন্টিনার দুর্দান্ত খেলেছে। আপনার দেখবেন আমাদের যে এমিলিয়ানো মার্তিনেস সে কিন্তু রিস্ক নেয়। যে সময় দলের দুর্দশা ঠিক ওই মুহূর্তে মার্তিনেস তখন সে দলের হাল ধরেছে। যদি খেলাটি টাইব্রেকার গড়াতো তাহলে আমাদের বাজপাখি তার আসল রূপে ফিরে আসত।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় জে জে বলেন, ‘এই বিশ্বকাপ ফুটবল খেলায় একটি চ্যালেঞ্জিং দল ছিল কেপ ভার্দে। এই দলের সঙ্গে এত সুন্দর একটা খেলা হয়েছে আমরা ফাইনালের মতো আনন্দ উপভোগ করলাম। আর্জেন্টিনা কিভাবে ফাইনালে কাম ব্যাক করবে সেটি আজ দেখিয়ে দিয়েছে মেসি বাহিনী। ’

আরেক আর্জেন্টিনার ভক্ত আতিক বলেন, ‘এরকম ওঝা রাস্তা-ঘাটে অনেক দেখা যায়। আজকে যে খেলাটা হয়েছে নিঃসন্দেহে ব্রাজিলের চেয়ে ভালো টিম ছিল কেপ ভার্দে। আমরা এটাতেই বুঝতে পেরেছি ব্রাজিল আর্জেন্টিনার কাছে কিছুই না।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি ব্রাজিল ও পর্তুগালের সাপোর্টার ঘানার বিতর্কিত ওঝাকে নিয়ে পড়ে ছিল। আজ ওঝার কোনো কালো জাদু কাজ করে নাই। সব থেকে বড় জাদুকর আমাদের মেসি। আমাদের মেসির বা পায়ের জাদুর কাছে ওঝার কালো জাদু উড়ে গেল।’

আর্জেন্টিনার খুবই ভক্ত অনুসিলা বলেন, ‘আর্জেন্টিনা আজকে দুর্দান্ত খেলেছে। প্রথমদিকে ১-১ গোলে ড্র হয়েছে। শেষ মুহূর্তে যে গোলটি হয়েছে সেটি একেবারে অসাধারণ। দেখার মত একটি গোল হয়েছে।’

খেলা শেষ হওয়ার পরে বাংলাদেশের পতাকা ও আর্জেন্টিনা পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল র‌্যালি করেন আর্জেন্টিনার ভক্তরা। র‌্যালিটি টাউন হল থেকে বের হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড, শাপলা চত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন