সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২১

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২১
ছবি: আমার দেশ

সিলেট বিভাগে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মৃত দুই শিশুর একজন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ গ্রামের চার মাস বয়সি। শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপরজন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের সাত মাস বয়সি। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৭৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, হবিগঞ্জে ৮৫ জন, মৌলভীবাজারে ৮২ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫১ জন আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৩০৪ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন আছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১১৪ জন এবং নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫০ জনের মৃত্যু হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন