ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস বলেছেন, বাংলাদেশের সাথে ইইউ’র সম্পর্ক পুরনো ও দীর্ঘদিনের। এসময় তিনি ঐতিহাসিক এই নির্বাচনে গণতন্ত্র শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পার্লামেন্ট গঠিত হবে। এর মাধ্যমে একটি গতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংকালে তার সাথে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রেস অফিসার এভারহার্ড লিউই। সভা সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইভারস আইজাবস বলেন, ঐতিহাসিক এই নির্বাচন ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন করা জরুরি।
তিনি জানান, স্বাধীনতা, নিরপেক্ষতা ও হস্তক্ষেপহীনতা—এই তিনটি কারিগরি মূল্যায়ণ নীতির ওপর ভিত্তি করে ইইউ ইওএম তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে তারা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে, ফলাফল প্রত্যয়ন করবে না। এই নির্বাচন কেবল বাংলাদেশের জনগণের।
আইজাবস বলেন, বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম—এমনটাই ইইউ মনে করে।
তিনি আরো জানান, ভোটের দুই দিন পর ১৪ ফেব্রুয়ারি ঢাকায় ইইউ ইওএম একটি প্রাথমিক বিবৃতি প্রকাশ করবে এবং সংবাদ সম্মেলন আয়োজন করবে। পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রায় দুই মাস পর প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
ইভারস আইজাবস বলেন, ইইউ ইওএম নারী, যুবক এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীসহ রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের সামগ্রিক পরিবেশ মূল্যায়ন করবে। পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ ইউনিটগুলো ভোটাররা কতটা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারছেন, তা পর্যবেক্ষণ করবে।
প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের মধ্যে অংশ নেন—ফিনান্সিয়াল এক্সপ্রেসের ডিভিশনাল করেসপন্ডেন্ট ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বেতারের মহানগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ূন রশিদ চৌধুরী, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিঠু এবং আমার দেশের ফটোসাংবাদিক এ এইচ শহিদুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

