হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিখোঁজের তিনদিন পর আলি হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাড়ির পাশের একটি ক্ষেতে বর্ষার পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত আলি হোসেন মহাদেবপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। জীবিকার তাগিদে তিনি স্থানীয়ভাবে একটি হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির সহকারী হিসেবেও কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিনদিন আগে আলি হোসেন বাড়ি থেকে হরষপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ সময় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে একাধিক পোস্ট করেন।
সোমবার সকালে বাড়ির পাশের একটি ক্ষেতে জমে থাকা বর্ষার পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কাছে গিয়ে তারা লাশটি আলি হোসেনের বলে শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে মাধবপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

