ভোট গ্রহণের সাড়ে ৪ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

ভোট গ্রহণের সাড়ে ৪ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভোটের ফলাফল নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে প্রায় ৪ বছর ৯ মাস পর নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রশিদ আহমদ সোনাম।

বিজ্ঞাপন

আদালতের নির্দেশে মঙ্গলবার বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী মামলা ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্যপদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদ আহমদ সোনাম। তার প্রতিদ্বন্দ্বী খছরুজ্জামান লড়েছিলেন মোরগ প্রতীকে। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা খছরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করেন। তবে তাৎক্ষণিক ভোটের গণনায় কারচুপির অভিযোগ তোলেন রশিদ আহমদ সোনামের এজেন্ট। এজেন্টের আপত্তি উপেক্ষা করে প্রিসাইডিং কর্মকর্তা তড়িঘড়ি করে ফলাফল ঘোষণা করে চলে যান। পরে ফলাফল চ্যালেঞ্জ করে রশিদ আহমদ সোনাম প্রথমে নির্বাচন অফিসে ভোট পুনরায় গণনার আবেদন করেন। পরবর্তীতে মৌলভীবাজারের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। ট্রাইব্যুনাল ভোট পুনরায় গণনা করে তাকে বিজয়ী ঘোষণা করেন।

এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী খসরুজ্জামান ওই রায়ের বিরুদ্ধে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করলেও তা খারিজ হয়ে যায় এবং পূর্বের রায়ই বহাল থাকে। আদালতের এই রায়ের আলোকে গত বছরের ২২ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন রশিদ আহমদ সোনামকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে।

শপথ গ্রহণের পর রশিদ আহমদ সোনাম বলেন, ২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। প্রভাব খাটিয়ে কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। আদালতের রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি, সত্যের বিজয় হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন