হবিগঞ্জে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনের চলছে ভোটগ্রহণ। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, একজন পোলিং অফিসার ও একজন সহকারী পোলিং অফিসার ভোটগ্রহণের কাজে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া পুলিশের পাশাপাশি আনসার সদস্য এবং সীমান্তবর্তী কয়েকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সারা দেশে ১৬৭টি মূল ও ৬৪টি ফাঁড়ি চা-বাগান রয়েছে। প্রতিটি বাগানে রয়েছে একটি করে পঞ্চায়েত। এসব পঞ্চায়েতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের প্যানেল নির্বাচিত হবে। একই দিনে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দেশের সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনেও ভোটগ্রহণ করা হচ্ছে।
হবিগঞ্জ জেলায় মূল ও ফাঁড়ি মিলিয়ে ৪১টি চা-বাগান রয়েছে। প্রত্যেকটি বাগানে একটি করে সরকারি ও বাগান পরিচালিত বিদ্যালয়গুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। চা-শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালি হলো লস্করপুর, বালিশিরা, মনু-ধলাই, লংলা, জুড়ী, সিলেট ও চট্টগ্রাম। প্রতিটি ভ্যালির অধীনে রয়েছে ২৫ থেকে ৩০টি বাগান পঞ্চায়েত।
বাগানপর্যায়ে পঞ্চায়েত শ্রমিকদের প্রতিনিধিত্ব করে। কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলাদা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। ২০২১ ও ২০২৪ সালের নির্ধারিত নির্বাচন নানা জটিলতায় অনুষ্ঠিত হয়নি। এরই মধ্যে শ্রমিকেরা ২০২২ সালে মজুরি বাড়ানোর দীর্ঘ আন্দোলন করে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা আদায় করেছেন।
হবিগঞ্জের ৪১টি চা-বাগানে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন। সীমান্তবর্তী কয়েকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

