নির্মাণের ২০ বছরেও সংযোগ সড়ক হয়নি, ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

আলাউদ্দিন আল রনি, মাধবপুর (হবিগঞ্জ)

নির্মাণের ২০ বছরেও সংযোগ সড়ক হয়নি, ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

হবিগঞ্জের মাধবপুর রূপনগর এলাকায় যানবাহন ও জনসাধারণ চলাচলের জন্য ২০ বছর ধরে সংযোগ সড়ক না থাকায়, সেতুটি ব্যবহার করা যাচ্ছে না । মাত্র দুইশতক জমির অভাবে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না। ফলে সেতুর গায়ে জমেছে শ্যাওলা, রেলিংয়েও দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়রা জানান, সেতুর পাশে থাকা পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন যানবাহন ও পথচারীরা চলাচল করছেন। নতুন সেতুর এক পাশে পাকা রাস্তা থাকলেও অন্য পাশে এখনো রয়েছে ধানিজমি, তৈরি হয়নি কোনো সংযোগ সড়ক।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, শাহজিবাজার-বাঘাসুরা-ছাতিয়াইন বাজার সড়কের রূপনগর এলাকার খালের ওপর পুরোনো সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায়, স্থানীয়দের দাবির মুখে প্রায় ২০ বছর আগে ১২ লাখ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের পরিকল্পনা থাকলেও কয়েকজন প্রভাবশালী গ্রামবাসীর বাধার কারণে সেটি বাস্তবায়ন হয়নি। পরে বাজেট ফেরত যাওয়ার আশঙ্কায়, পাশেই নতুন সেতু নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এলাকার বাসিন্দা সাইফুর রহমান রাসেল বলেন, ‘নতুন সেতু চালু না হওয়ায়, প্রতিদিন ঝুঁকি নিয়ে পাশের পুরোনো সেতু দিয়ে হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে জমির মালিক কবির মিয়া বলেন, ‘আমি কখনো বিনামূল্যে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেইনি। জমি আমার কেনা। বর্তমান বাজারমূল্য অনুযায়ী টাকা দিলে আমি জমি দিতে রাজি আছি।’

বাঘাসুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জোসনা আক্তার বলেন, ‘মাত্র দুই শতক জমি হলেই সংযোগ সড়ক নির্মাণ সম্ভব। এই জমির মূল্য সর্বোচ্চ দুই লাখ টাকা হবে। অথচ দুই লাখ টাকার জন্য ১২ লাখ টাকার সেতু অকেজো পড়ে আছে।’ তিনি দ্রুত সংযোগ সড়ক নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন