দীর্ঘদিন পর আজিজুল হাকিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ও অর্ক মোস্তফার রচনায় তারা দুজন ‘তোমায় দিলাম ছুটি’ নাটকে অভিনয় করেছেন।
ছন্দা বলেন, ‘দীর্ঘদিন পর হাকিম ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। হাকিম ভাই এখনো সেই আগের মতোই অভিনয়ে কী ভীষণ সিরিয়াস, তার চরিত্র নিয়ে সার্বক্ষণিক ভাবনা আমাকে মুগ্ধ করে। অনেকদিন পর হাকিম ভাইয়ের সঙ্গে এই নাটকে অভিনয়ে আমি ভীষণ উপভোগ করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
এদিকে ছন্দা জানান, দীপ্ত টিভিতে প্রচার চলতি সাজ্জাদ সুমনের ‘খুশবু’ নাটকে অভিনয় করার পাশাপাশি প্রচারে আসছে তার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ‘আমাদের নীল বাড়ি’ ও হাসান রেজাউল পরিচালিত ‘এরই নাম সংসার’ ধারাবাহিক নাটক দুটি।
ছন্দার সঙ্গে দীর্ঘদিন পর কাজ করা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘একটা সময় ছন্দার সঙ্গে অনেক কাজ হতো। সেখানে একটা দীর্ঘদিনের বিরতি ছিল। আবার একসঙ্গে কাজ করে ভালো লাগল। এখন আসলে গল্পে পারিবারিক আবহটা টানছে দর্শক। এটা আমাদের জন্য ভীষণ পজিটিভ একটা দিক।’
এদিকে ছন্দা আগের মতো টিভি নাটকে খুব বেশি নিয়মিত না হলেও তিনি একজন পেশাদার অভিনেত্রী হিসেবে নাটকে অভিনয় করে যাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

