বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে যাচ্ছে আফগানিস্তান। এ লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আল-মদিনা ফার্মা আফগানিস্তানে ওষুধ রপ্তানির নতুন আদেশ পেয়েছেন।
জানা গেছে, চলতি বছরের শুরুতে আফগানিস্তান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের কয়েকটি বড় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক ও চুক্তি করে। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের প্রতিষ্ঠান হিজাজ লিমিটেডের কাছ থেকে নতুন এই রপ্তানি আদেশ পেয়েছে আল-মদিনা ফার্মা।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন রপ্তানি আদেশটির মোট মূল্য ৫১ হাজার ৪৮ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১৮ হাজার ৯১ দশমিক ৯৩ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ গ্রহণ করেছে, যা মোট অর্ডারের উল্লেখযোগ্য অংশ।
আল-মদিনা ফার্মা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তাদের রপ্তানি কার্যক্রম ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে নতুন বাজারে প্রবেশ এবং রপ্তানি আদেশ বৃদ্ধির ফলে বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, নতুন এ রপ্তানি আদেশ কোম্পানিটির আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আগাম অর্থ প্রাপ্তির বিষয়টি কোম্পানির নগদ প্রবাহেও ইতিবাচক প্রভাব ফেলবে।
পুঁজিবাজার সংশ্লিষ্টদের ধারণা, ধারাবাহিক রপ্তানি আদেশ ও বৈদেশিক আয়ের প্রবৃদ্ধি ভবিষ্যতে কোম্পানিটির ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

