রাজধানীর পাড়া-মহল্লা ও অলিগলিতে চলছে পশু কোরবানি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রাজধানীর পাড়া-মহল্লা ও অলিগলিতে চলছে পশু কোরবানি
ছবি: আমার দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লা, আবাসিক এলাকা ও অলিগলিতে চলছে পশু কোরবানি। বৃহস্পতিবার সকালে ঈদের নামাজের পর থেকেই নগরবাসী কোরবানির পশু জবাইয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিজ্ঞাপন

রাজধানীর রামপুরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, পরিবার ও প্রতিবেশীরা মিলে গরু কোরবানি দিচ্ছেন। অনেকেই যৌথভাবে কোরবানি করছেন বলে জানান স্থানীয়রা।

কসাইরাও সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। এদিকে শিশু-কিশোরদের মধ্যেও ঈদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। নতুন পোশাক পরে তারা কোরবানির বিভিন্ন কাজে অংশ নেয় এবং মাংস কাটার দৃশ্য উপভোগ করে।

পশু জবাইয়ে অংশ নিচ্ছেন মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। প্রতিবেশীরা একে অপরের পশু জবাই দিতে সহযোগিতা করছেন।

হজরত ইবরাহিমের (আ.) দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে সারা দেশে আজ এ ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য।

প্রধানমন্ত্রী বলেন, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা।

তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে তার কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে।

এদিকে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবদুল মালেক।

এদিন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ-এ ঈদের প্রধান জামাত শুরু হয়। এর আগে সকালে সেখানে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।

পাশাপাশি সম্প্রতি বিশ্ব ও বাংলাদেশজুড়ে হামের ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে সবার গুনাহ মাফ ও মৃতদের কবরের আজাব মাফ চাওয়া হয়। বিশ্বশান্তির জন্যও দোয়া করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন