কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, ঢাকায় শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা

কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, ঢাকায় শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা

সকালে তেজগাঁওয়ে কন্টেনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় শিডিউল বিপর্যয়ে পড়েছে রেল যোগাযোগ। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া ট্রেনগুলো দুই থেকে আড়াই ঘণ্টা দেরিতে চলাচল করছে। ট্রেন সময়মতো না আসায় বিমানবন্দর স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সরেজমিনে এই চিত্র দেখা যায়।

সন্ধ্যা ৭টার দিকে দেখা যায়, ময়মনসিংহগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি বিমানবন্দর স্টেশন ছাড়ার কথা ছিল বিকেল ৫টা ১৩ মিনিটে, কিন্তু সেটি তখনো স্টেশনে এসে পৌঁছায়নি। একইভাবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকা ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনটিও স্টেশনে এসে পৌঁছায়নি। এই রুটের অন্যান্য ট্রেনের অবস্থাও প্রায় একই রকম।

এ ছাড়া কিশোরগঞ্জগামী ‘এগারো সিন্ধুর এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছাড়ার কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সেটিও বিমানবন্দরে পৌঁছায়নি।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সকাল ৬টা ২০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কন্টেনার ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়। পরে দীর্ঘ চেষ্টা চালিয়ে সকাল ১০টা ২০ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়। এই দুর্ঘটনার কারণে অনেক ট্রেন সময়মতো ঢাকায় প্রবেশ করতে পারেনি, যার ফলে এই শিডিউল বিপর্যয় ঘটেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...