ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশ থেকে একজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, তারা তিনজনই ‘ভবঘুরে’। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আনন্দ বাজার এলাকায় অমর একুশে হলের পাশে ফুটপাত ও তার বিপরীত পাশ থেকে দুজনকে উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা শাহবাগ থানার এসআই মো. মামুন গণমাধ্যমকে বলেন, সকালে শাহবাগ আনন্দ বাজার এবং অমর একুশে হলের পাশের ফুটপাত ও রাস্তার অপর দিকে দুজন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

তারা ভাবঘুরে প্রকৃতির এবং ফুটপাতেই থাকতেন বলে পুলিশের ভাষ্য।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, শাহবাগ থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশ থেকে অচেনা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...