আল্লামা মুহিউদ্দীন রাব্বানী

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানীবিরোধী আন্দোলনে নতুন ভিত্তি তৈরি করবে

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানীবিরোধী আন্দোলনে নতুন ভিত্তি তৈরি করবে

আগামী ১৫ আগস্ট রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে অনুষ্ঠিতব্য ‘জাতীয় উলামা-মশায়েখ সম্মেলন’ সফল করতে ধারাবাহিক মতবিনিময় ও সাংগঠনিক প্রস্তুতি সভা করেছে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

বিজ্ঞাপন

সম্মেলনকে সামনে রেখে রাজধানীর বনানী ও তেজগাঁও জোনে আয়োজিত পৃথক সভায় স্থানীয় আলেম-উলামা, মসজিদের ইমাম-খতিব ও দায়িত্বশীলদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সম্মেলন সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার বাদ এশা জামিয়া মোহাম্মাদীয়া টিএনটি কলোনি মাদরাসার মিলনায়তনে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর বনানী জোনের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জামিয়া মোহাম্মাদীয়া টিএনটি কলোনির মুহতামিম মুফতি মুহাম্মাদ নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা মুজিবুর রহমান হামীদী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা সালমান বিন নোমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জুনায়েদ বিন আইয়ুব, মুফতি মইনুল ইসলাম মাজেদী, মাওলানা শাহজালাল, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা মামুন, মাওলানা জাকারিয়াসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক আকিদা ও খতমে নবুওয়ত মুসলমানদের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে আলেম-উলামা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে শান্তিপূর্ণ, সাংগঠনিক ও দায়িত্বশীলভাবে কাজ করা প্রয়োজন।

তিনি বলেন, আগামী ১৫ আগস্টের জাতীয় উলামা-মশায়েখ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণের মাধ্যমে খতমে নবুওয়ত-সংক্রান্ত দাবিগুলো তুলে ধরা হবে।

আল্লামা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাঁদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। ১৫ আগস্টের জাতীয় উলামা-মশায়েখ সম্মেলন থেকে এ বিষয়ে সর্বাত্মক মেহনত শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এই সম্মেলন কাদিয়ানীবিরোধী আন্দোলনে নতুন ভিত্তি তৈরি করবে।

সভাপতির বক্তব্যে মুফতি মুহাম্মাদ নোমান সম্মেলন সফল করতে বনানী জোনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এ অঞ্চলের আলেম-উলামা ও দ্বীনপ্রিয় মানুষদের সম্মেলনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার পাশাপাশি সব কর্মসূচি শৃঙ্খলা, শান্তি ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সম্মেলনকে সফল ও সার্থক করতে বনানী জোনের দায়িত্বশীলরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

সভায় অন্যান্য বক্তারাও ১৫ আগস্টের জাতীয় উলামা-মশায়েখ সম্মেলন সফল ও সার্থক করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সম্মেলনকে কেন্দ্র করে দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদার এবং সাংগঠনিক প্রস্তুতি আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানীর সঙ্গে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দৈনিক নয়া দিগন্ত, দৈনিক ইনকিলাব, দৈনিক কালবেলা, দৈনিক আমার দেশ, দৈনিক আমাদের সময়, সময় টিভি, দৈনিক সময়ের আলো এবং ডিবিসি চ্যানেলের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতী কেফায়েতুল্লাহ আযহারীও এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আল্লামা মুহিউদ্দীন রাব্বানী আগামী ১৫ আগস্টের জাতীয় উলামা-মশায়েখ সম্মেলনকে ঘিরে মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

একই দিন বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর তেজগাঁও জামিয়া ইসলামিয়া জমিরিয়া তিব্বত কলোনি বাজার মাদরাসায় জাতীয় উলামা-মশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর তেজগাঁও জোনের উদ্যোগে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তেজগাঁও জামিয়া ইসলামিয়া জমিরিয়া তিব্বত কলোনি বাজার মাদরাসার মুহতামিম মুফতি সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মুফতী ফয়সাল আল হাবীবী, তেজগাঁও ইমাম খতিব উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আল আমিন সারাইলী, সহসভাপতি মুফতি ইয়াকুব ওসমানী, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা আবু যর, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু হানিফ, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আবু ইউসুফ, মাওলানা ইব্রাহিম, মাওলানা জামাল হোসাইন ও মাওলানা শামসুদ্দিনসহ তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন পর্যায়ের আলেমরা।

সভায় আগামী ১৫ আগস্টের সম্মেলন সফল করতে স্থানীয় আলেম-উলামা, ইমাম-খতিব ও দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করার বিষয়ে আলোচনা হয়।

সভায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ তেজগাঁও জোনের জন্য ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে মুফতি সাইফুল ইসলাম ফারুকীকে আহ্বায়ক, মুফতি ইয়াকুব ওসমানী, মুফতি মুস্তাফিজুর রহমান ও মাওলানা আবুল খায়েরকে যুগ্ম আহ্বায়ক এবং মুফতি আল আমিন সারাইলীকে সদস্য সচিব করা হয়েছে।

আয়োজকরা জানান, আগামী ১৫ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে জাতীয় উলামা-মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় মতবিনিময় ও সাংগঠনিক প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন