শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর ডেমরায় বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা–২০২৬’।
মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি চিকিৎসক মুহাম্মদ রফিকুল ইসলাম (পিটি)।
প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি বলেন, ‘বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু শেখার, উদ্ভাবন করার এবং প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের মানসিকতা গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সৃজনশীল চর্চার প্রতি আমাদের আরও গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের নতুন কিছু ভাবনাও উৎসাহিত করে।
মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাধর্মী নানা প্রদর্শনী তুলে ধরে। নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান, ডেমরা কলেজের হিতৈষী সদস্য মো. রফিকুল ইসলাম এবং শিক্ষানুরাগী আব্দুল হাই। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মেলার আয়োজন শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


