কলাবাগানে ছোট ভাইয়ের লোহার আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার

কলাবাগানে ছোট ভাইয়ের লোহার আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীর কলাবাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধ (১৬) লোহার ভারী বস্তু (ডাম্বেল) দিয়ে মাথায় আঘাত করলে বড় ভাই এসএসসি পরীক্ষার্থী সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) নিহত হয়। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা বগুড়ার আদমদীঘি উপজেলার কানাডা-প্রবাসী সিরাজুল সালেহীনের সন্তান। বর্তমানে দুই ভাই কাঁঠালবাগান বাজার এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে থাকে।

গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল বড় ভাই, আর ছোট ভাই দশম শ্রেণির শিক্ষার্থী।

আহত অবস্থায় সাদমান ওয়াসিফ সুপান্থকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, খবর পেয়ে রাত ১টার দিকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘তারা দুই ভাই একই বাসায় থাকত এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করত। তাদের বাবা সিরাজুল সালেহীন কানাডা-প্রবাসী। মা বিবাহবিচ্ছেদের পর অন্যত্র বসবাস করেন।’

তিনি আরও জানান, বাসায় দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রাগান্বিত হয়ে পাশে থাকা ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...