রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় দুই হাজার ভরি সোনা, রুপা ও হীরার গয়না চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার ধানমন্ডি ৬/এ এলাকায় রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে; যার মধ্যে সোনা, রুপা ও হীরার গয়না রয়েছে। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে তারা। নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
যোগাযোগ করা হলে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, দোকান মালিক প্রাথমিকভাবে জানিয়েছেন যে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শপিং মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে আরো চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


