জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ এবং স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে রাজধানীর বাসাবো-কদমতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার সকালে রাজধানীর বাসাবো এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
ডিএসসিসির নিজস্ব অর্থায়নে আগামী তিন মাসের মধ্যে বাসাবো-কদমতলা খালের খিলগাঁও ও ছায়াবীথি হয়ে শকুননগর খাল পর্যন্ত মোট ২ দশমিক ১৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এ কার্যক্রমের আওতায় খালের তলদেশ থেকে প্রায় ২২ হাজার ২৬৫ ঘনমিটার পলি ও বর্জ্য অপসারণ করা হবে। খনন ও বর্জ্য অপসারণ শেষে পরিবেশের সৌন্দর্যবর্ধনে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে।
উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দখল ও দূষণের কারণে একসময়ের প্রবহমান বাসাবো-কদমতলা খালটি বর্তমানে সরু ড্রেনে পরিণত হয়েছে। শুধু ওপরের আবর্জনা নয়, খালের তলদেশে জমে থাকা মাটিও অপসারণ করে ট্রাকের মাধ্যমে দ্রুত সরিয়ে নেওয়া হবে, যাতে খালের পাড়ে বর্জ্য জমে না থাকে।
খালের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় পাড় বাঁধাই এবং সুরক্ষা দেয়াল বা গ্রিল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় খালে ময়লা না ফেলতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়। বাসাবো ও খিলগাঁওকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন এবং সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাসাবো ও খিলগাঁও-সংলগ্ন খাল ও ঝিলগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসিসি প্রশাসক সরেজমিনে এলাকা পরিদর্শন করে যেসব নির্দেশনা দিয়েছেন, তা নিয়মিত তদারকিও করছেন। তাঁর তত্ত্বাবধানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার ও পুনঃখননের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল, ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল এবং ২৩ নভেম্বর কুতুবখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
এদিকে ডিএসসিসির অঞ্চল-৬-এর আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


