ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রম, গুণগত মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে ইউজিসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

এ সময় উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে তাঁর সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের আমন্ত্রণ জানান। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসির সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ এবং সেন্টার ফর জেনারেল এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)-এর পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার প্রসার ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন