বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেনকে “ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়েছে।
সম্প্রতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ২য় TOAB International Tourism Award 2026 (TITA)-এ তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি তার হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশে প্রথমবারের মতো “ক্রিকেট ট্যুরিজম” ধারণা চালু করে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বিশেষভাবে প্রশংসিত হন। এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে প্রথম চুক্তি সম্পাদনের অন্যতম উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের খেলাধুলা, সংস্কৃতি ও আতিথেয়তা শিল্পকে আন্তর্জাতিক পর্যটনের সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি করেছে।
পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতের ১৩টি ক্যাটাগরিতে উৎকর্ষতা উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, শিল্পখাতের নেতৃবৃন্দ, টোয়াব সদস্য এবং পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি—যার অধীনে রয়েছে দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসা – এ প্রিমিয়াম রেসিডেন্স—দেশের প্রিমিয়াম হসপিটালিটি খাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। ২৫ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা এবং পাঁচ বছরেরও অধিক নির্বাহী নেতৃত্বের অভিজ্ঞতায় তিনি সেবার মানোন্নয়ন, ডেস্টিনেশন ব্র্যান্ডিং ও টেকসই আতিথেয়তা চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
এর আগে তিনি South Asian Travel Awards (SATA) 2024 থেকে “Tourism Face of South Asia”, নেপালের Hi-Aim Conference 2024-এ “Best Hotelier of Bangladesh”, American Curry Awards 2025-এ “Best Hospitality Icon” এবং “Who’s Who Bangladesh Award 2026”সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।
করপোরেট সাফল্যের পাশাপাশি পর্যটন শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণেও সক্রিয় ভূমিকা রাখছেন মো. শাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই বিভাগে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

