আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।
বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এর আগেও তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তার নেতৃত্বে ধারাবাহিক সফলতার মাধ্যমে ব্যাংকটি উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এ ছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন। কঠিন সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে পরবর্তী আট বছরে ব্যাংকটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। তিনি বলেন, ২০২৬ সালে আবারও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের প্রেক্ষাপটে কঠিন এক সময়ে তাকে পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন এবং অতীতের মতো ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন।
নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের আওতায় কেডিএস গার্মেন্টস ডিভিশন, কেডিএস এক্সেসরিজ ডিভিশন, কেডিএস টেক্সটাইল ডিভিশন, কেডিএস স্টিল ডিভিশন, কেডিএস লজিস্টিক ডিভিশন এবং কেডিএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশন রয়েছে। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি।
সেলিম রহমান এর আগে ২০২১ ও ২০২৪ সালে দুই মেয়াদে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

