তাহসিফ হত্যা: আদালতে নেওয়া হলো আসামি দীপকে, সাত দিনের রিমান্ড আবেদন

তাহসিফ হত্যা: আদালতে নেওয়া হলো আসামি দীপকে, সাত দিনের রিমান্ড আবেদন
আহমেদ শাহরিয়ার রেজা দীপ। ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে নেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, বেলা ৩টার দিকে এ মামলায় দীপের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

সরেজমিনে দেখা যায়, তিনটি পুলিশি গাড়িতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। পরে পুলিশ সদস্যরা তাকে হাজতখানায় নিয়ে যান।

এর আগে, জিজ্ঞাসাবাদের জন্য দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করার কথা জানায় তদন্তসংশ্লিষ্ট সূত্র। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, তাহসিফের বাবা হত্যা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।

গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের তিন দিন পর তাহসিফের বাবা হত্যা মামলা করেন। এ মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে তদন্ত শুরু করেছে নৌ-পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন