খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

খুলনা ব্যুরো

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে গৃহীত গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক ডা. আবু জাফর মো. ছালেহ রোববার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সকাল ১১টায় তিনি প্রকল্প পরিচালকের অফিসে এলে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

ডা. আবু জাফর মো. ছালেহ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাথে দীর্ঘ বছর যাবৎ সক্রিয়।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ডা: আবু জাফর মো. ছালেহ বলেন, প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার এই প্রকল্প তিনটি প্রধান অংশে বাস্তবায়িত হবে। প্রথমে ভূমি অধিগ্রহণ, এরপর অবকাঠামো ও ভবন নির্মাণ এবং সর্বশেষ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী ক্রয়ের কার্যক্রম সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, এ মুহূর্তে প্রকল্প সম্পর্কে আমার ধারণা প্রাথমিক পর্যায়ের। আমি প্রকল্পের সকল কাগজপত্র ও নথি পর্যালোচনা করব। এরপর প্রকল্পের অগ্রগতি, পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ৯ জুন জারি করা এক প্রজ্ঞাপনে খুলনা মেডিকেল কলেজের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাফর মো. ছালেহকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ‘খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রণীত মহাপরিকল্পনার আওতাধীন ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নসহ মৌলিক অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং মৌলিক অবকাঠামো নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নবনিযুক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও অবকাঠামোগত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন