বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত চারজন আহত হন।
আহতদের মধ্যে ববি শিক্ষার্থী ইয়াসিন আরাফাতও রয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
দুর্ঘটনার পর সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বহনসহ বিভিন্ন দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো—
১. ইয়াসিন আরাফাতের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।
২. আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক মেরামত করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত সার্বক্ষণিক বাসের ব্যবস্থা করতে হবে।
৪. বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ফুটপাত চালু করতে হবে।
আন্দোলনরত ববি বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই, আমাদের সব দাবি দ্রুত মেনে নেওয়া হোক।
ভূমিকা সরকার বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েনসহ সড়ক সংস্কারের জন্য বিভিন্ন দাবি জানিয়ে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কর্ণপাত করেনি। এই বিশ্ববিদ্যালয়ে রক্তপাত না হওয়া পর্যন্ত কোনো কিছু সফল হয় না। আজ যে শিক্ষার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার সমস্ত চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। বর্তমানে সড়কের অব্যবস্থাপনা থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিতে হবে।
মহাসড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব দাবি-দাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব মেনে নেবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করব এবং কীভাবে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

