ছাত্রসংগঠনের নেতৃত্বে অছাত্ররা

ছাত্রসংগঠনের নেতৃত্বে অছাত্ররা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রসংগঠনের নেতৃত্ব দিচ্ছেন অছাত্ররা। যে সংগঠনগুলো শিক্ষার্থীদের স্বার্থরক্ষার জন্য তৈরি হয়েছে, সেখানে অছাত্রদের নেতৃত্ব প্রশ্নের মুখে ফেলেছে কেন্দ্রীয় নীতিনির্ধারকদের। এছাড়া শিক্ষাজীবন শেষ করা ব্যক্তিদের সক্রিয় ভূমিকায় সংগঠনগুলোর স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। এ অবস্থায় নতুন কমিটিতে রানিং শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সবকটি ছাত্রসংগঠনেই শীর্ষ নেতৃত্বে আছেন অছাত্ররাই। ফলে তারাও ছাত্রলীগের পথই অনুসরণ করছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের অন্যতম বৃহত্তম ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কুবি শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ২০২১ সালের ১৭ জুন। প্রায় সাড়ে পাঁচ বছর পার হলেও সেই আহ্বায়ক কমিটি দিয়েই চলছে সংগঠনটির কার্যক্রম। ওই কমিটির আহ্বায়ক ছিলেন লোক-প্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন, যার ছাত্রত্ব শেষ হয়েছে প্রায় এক দশক আগে। সদস্য সচিব ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভ, যার ছাত্রত্বও শেষ হয়েছে প্রায় ৯ বছর আগে।

অভিযোগ রয়েছে, কমিটির কয়েকজন সান্ধ্যকালীন কোর্সে ভর্তি থাকলেও শীর্ষ নেতাদের অনেকেরই বর্তমানে ছাত্রত্ব নেই। এছাড়া কলেজ শিক্ষক, ব্যবসায়ী ও অনিয়মিত ব্যক্তিদের সম্পৃক্ততা, ত্যাগীদের অবমূল্যায়ন এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়েও সমালোচনা রয়েছে।

অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান কমিটি গঠিত হয় এ বছরের ৫ জানুয়ারি। কমিটির সভাপতি ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি লোক-প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তাদেরও ছাত্রত্ব নেই। কমিটির অন্যান্য সদস্যের নাম প্রকাশ করেনি সংগঠনটি।

এদিকে ছাত্রসংগঠনের নেতৃত্বে অছাত্রদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। কমিটি গঠনে বিলম্ব, বয়সসীমা না থাকা এবং অছাত্রদের নেতৃত্ব ধরে রাখার প্রবণতার কারণে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘নতুন কমিটি কখন হয়, কীভাবে দেয়Ñএটা তো সেন্ট্রাল ভালো বলতে পারবে। তবে আমি প্রত্যাশা করি, তৃণমূলের যে চাহিদা, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যারা সময় দিয়েছেন, এ দলের জন্য যাদের বিভিন্ন ত্যাগ-তিতিক্ষা আছে, তাদের মূল্যায়ন করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি হবে।’ কমিটিতে বর্তমান ছাত্র ও অছাত্রদের সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদলে রানিং বা সাবেক বলতে কোনো শব্দ নেই। ছাত্রদলের যারা রাজনীতি করেছেন এতদিন, যাদের এ দলের প্রতি ডেডিকেশন আছে, ত্যাগ আছে, তাদের নিয়েই ছাত্রদল। এখানে সিনিয়র-জুনিয়র সবাই আছেন।’

কেমন ছাত্রদল চান জানতে চাইলে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হোসাইন বিন আলী বলেন, ‘ছাত্রদলের মধ্যে তো রানিং স্টুডেন্টরা সব সময় চাইবে যে রানিং স্টুডেন্টরাই কমিটিতে আসুক। রানিং স্টুডেন্টরা কমিটিতে এলে শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।’

লোক-প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী সাইফুল ইসলাম রাসেল বলেন, যারা মোটামুটি এখন অধ্যয়নরত বা সদ্য মাস্টার্স শেষ করেছেনÑএমন কেউ কমিটিতে আসুক।

অন্যদিকে শাখা শিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির তাদের বর্তমান কমিটি সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘প্রতি সেশনেই আমাদের কমিটি পরিবর্তন হয়। যেহেতু এটি ক্যাডেটভিত্তিক সংগঠন, এখানে দায়িত্বশীলরা পর্যায়ক্রমে দায়িত্ব পেয়ে থাকেন। আমরা প্রতিবছর আমাদের নিজস্ব পলিসিতে কাজ করে থাকি। আমাদের ছাত্রত্ব বলতে যখন কমিটি ঘোষিত হয়, তখন আমাদের মাস্টার্সের রেজাল্ট পেন্ডিং ছিল, এখন আমরা ইভিনিং (সান্ধ্যকালীন) কোর্সে আছি, তাই আমাদের ছাত্রত্বও আছে।’

পাওয়ার পলিটিক্সের জন্য ছাত্রত্ব না থাকা সত্ত্বেও কমিটিতে আছেন কি নাÑএমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের কমিটি কেন্দ্র থেকেই দিই, এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। এই সংগঠনের দায়িত্ব বিভিন্নভাবে পর্যায়ক্রমে দায়িত্ববানদেরই দেওয়া হয়।

তবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুবি শাখার ১৬ সদস্যের কমিটিতে সভাপতি বাদে বাকি সদস্যদের ছাত্রত্ব রয়েছে বলে জানা গেছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শামিম এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আবছার উদ্দিন ইফতি।

এ বিষয়ে আবছার উদ্দিন ইফতি বলেন, ‘আমাদের এ কমিটি দেওয়া হয়েছে গত বছর। তখন সবার ছাত্রত্ব ছিল। এ বছর যাদের ছাত্রত্ব আছে, তাদের নিয়ে নতুন কমিটি দেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন