কৃষি প্রযুক্তি প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) প্রবর্তিত ‘বাউরেস কৃষি সাংবাদিকতা পুরস্কার-২০২৬’ পেয়েছেন মো. আমান উল্লাহ।শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। গেস্ট অব অনার ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াকুন সি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।
পুরস্কারপ্রাপ্ত মো. আমান উল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সহ-সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে কৃষিভিত্তিক গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের খবর সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে কাজ করে আসছেন। বর্তমানে তিনি আমার দেশের বাকৃবি প্রতিনিধি।
আমান উল্লাহ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। কৃষি ও গবেষণার সংবাদ সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই স্বীকৃতি ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও তথ্যভিত্তিক কৃষি সাংবাদিকতা করতে আরো অনুপ্রাণিত করবে। কৃষি, গবেষণা ও প্রান্তিক মানুষের গল্প তুলে ধরার এই যাত্রায় এ অর্জন দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। নিঃসন্দেহে এটি একটি বহুল আকাঙ্ক্ষিত পুরস্কার। ভবিষ্যতে দেশের স্বার্থে, দেশের কৃষিকে এগিয়ে নেওয়ার স্বার্থে কৃষি সাংবাদিকতা ও লেখালেখির কাজটি করতে চাই।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, পুরস্কারপ্রাপ্তদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও অনুপ্রাণিত করবে। বাউরেস এখন দেশের অন্যতম কার্যকর গবেষণা প্রতিষ্ঠান। যার স্বচ্ছতা ও দক্ষতার মডেল অন্যান্য বিশ্ববিদ্যালয়ও অনুসরণ করছে।
উল্লেখ্য, বাউরেস প্রতিবছর শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। এবার কৃষি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মো. আমান উল্লাহ এ সম্মাননা অর্জন করেন।
একই আয়োজনে গবেষণায় শ্রেষ্ঠত্বের ভিত্তিতে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫’-এ সেরা পাঁচ গবেষককে সম্মাননা দেওয়া হয়। অনুষদভিত্তিক সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে আরও ১২ জন গবেষক স্বীকৃতি পান। এছাড়া একজনকে ‘বাউ রিসার্চ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয় এবং ছয়জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

