হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

প্রতিনিধি, হাবিপ্রবি

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট বাজেট বরাদ্দ পেয়েছে ১৩৩ কোটি ৪১ লাখ টাকা। যা গত বছরের তুলনায় ৪ কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা বেশি।

বিজ্ঞাপন

জানা যায়, মোট বাজেটের মধ্যে ইউজিসি দেবে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয় থেকে আসবে ৯ কোটি ৬৩ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ দপ্তর সূত্রে জানা গেছে, মোট বরাদ্দের সব থেকে কম স্বাস্থ্যসেবা খাতে ১২ লাখ টাকা,যা মোট বাজেটের ০.০৯%। স্বাস্থ্যসেবা খাতের বরাদ্দ হিসাব করলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ১১ হাজার ২০৩ জন শিক্ষার্থীর বিপরীতে জন প্রতি ১০৭ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। যা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল।

অন্যদিকে, সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, অবসর ও পেনশন বাবদ ৯০ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকা, যা মোট বাজেটের ৬৭.৫৯% । তন্মধ্যে কর্মকর্তাদের বেতন ৩৮ কোটি ৭৩ লাখ ১৮ হাজার টাকা, কর্মচারীদের বেতন ৮ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকা, বিশেষ সুবিধা বাবদ ৪ কোটি ৮২ লাখ টাকা, ভাতাদি বাবদ সহায়তা ৩১ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা এবং পেনশন ও অবসর সুবিধা বাবদ ৬ কোটি ৪৬ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বিগত অর্থবছরে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ থাকলেও এবার এই খাতে কোনো ধরনের বরাদ্দ পায়নি বিশ্ববিদ্যালয়টি। তবে, বিগত অর্থবছরে যানবাহন বাবদ কোনো বরাদ্দ না পেলেও এই অর্থবছরে খাতটিতে ৪ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এছাড়াও পণ্য ও সেবা বাবদ (সাধারণ) ২৯ কোটি ৭৩ লাখ, পণ্য ও সেবা বাবদ (মেরামত) ৩ কোটি ৩৫ লাখ, যন্ত্রপাতি অনুদান ২ কোটি ৪২ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুদান ৮০ লাখ, অন্যান্য মূলধন অনুদান ৭০ লাখ ও অন্যান্য অনুদান ১ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন