পোল্ট্রি দেশের পুষ্টি নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি: বাকৃবি উপাচার্য

প্রতিনিধি, বাকৃবি

পোল্ট্রি দেশের পুষ্টি নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ডব্লিউপিএসএ-বিবি) বিভাগীয় কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে খামারিরা দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ধরনের কারিগরি কর্মশালা খামার পরিচালনায় বাস্তবভিত্তিক জ্ঞান ও কার্যকর দিকনির্দেশনা দিতে সহায়ক হবে। বিশেষ করে বাংলায় প্রস্তুত তথ্যসমৃদ্ধ নোটবুক অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ে কাজে লাগবে। মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে খামারিরা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এটি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, সমাজের জন্যও একটি গুরুত্বপূর্ণ সেবা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর এবং ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডব্লিউপিএসএ-বিবির বিভাগীয় কর্মশালা কমিটির আহ্বায়ক ও বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন।

স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ও কর্মশালা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার। এছাড়াও কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, খামারি এবং পোল্ট্রি খাতসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...