আজ সিডনিতে গাইবেন রুনা লায়লা

আজ সিডনিতে গাইবেন রুনা লায়লা

দীর্ঘ এক দশক পর অস্ট্রেলিয়ায় পরপর দুটি স্টেজ শোতে সংগীত পরিবেশনের লক্ষ্যে গত ২৮ জুলাই ঢাকা ছেড়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। সঙ্গে গেছেন একদল মিউজিশিয়ান।

রুনা লায়লা জানান, আজ সন্ধ্যায় তিনি অস্ট্রেলিয়ার সিডনির ‘নরওয়েস্ট কনভেনশন সেন্টার’-এ সংগীত পরিবেশন করবেন। রুনা লায়লার পাশাপাশি একই মঞ্চে পরিবেশনা করবেন বাংলাদেশের জনপ্রিয় ও গুণী শিল্পীরা—আলেয়া বেগম, পিন্টু ঘোষ, ইমন চৌধুরী, মিঠুন চক্র এবং মৃধা শিবলু। লোকসংগীত, আধুনিক বাংলা গান, ফিউশন এবং লাইভ ব্যান্ড পারফরম্যান্সে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

বিজ্ঞাপন

এরপর আগামী ৮ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নের ‘রিসাইটাল সেন্টার’-এ সংগত পরিবেশন করবেন তিনি। দুটি শোতেই রুনা লায়লা তার কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পাওয়া গানগুলো পরিবেশন করবেন। আর প্রতিটি শোতেই শেষ গান হিসেবে যথারীতি থাকবে ‘দামাদাম মাস্ত কালান্দার’ গানটি।

রুনা লায়লা বলেন, ‘বহু বছর পর অস্ট্রেলিয়ায় এলাম। তা-ও প্রায় এক দশক পর। সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। এরই মধ্যে যে গানগুলো দুটো শোতে গাইব, মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিসও করেছি। আশা করছি সিডনি ও মেলবোর্নে প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। আমার গানে গানে মুখরিত হবে সিডনি ও অস্ট্রেলিয়া। ধন্যবাদ আয়োজকদের, যারা আমাকে এখানে নিয়ে আসার ব্যাপারে অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। এত দিন পর অস্ট্রেলিয়া এসে সত্যিই ভীষণ ভালো লাগছে।’

রুনা লায়লা জানান, ৮ আগস্টের শো শেষে আরও তিন দিন সেখানে থাকবেন তিনি। এরপর আগামী ১২ আগস্ট পুরো টিমসহ দেশে ফিরবেন। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে নিজের অবস্থান ধরে রাখা রুনা লায়লা বাংলা, হিন্দি, উর্দুসহ আঠারোটি ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পীতে পরিণত হয়েছেন।

সম্প্রতি তার দীর্ঘ সংগীতজীবনে নতুন একটি মাইলফলক যুক্ত হয়েছে। ৬২ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে তার একক সংগীতসন্ধ্যা। দর্শক-শ্রোতার ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে আয়োজিত অনুষ্ঠানটি রুনা লায়লার সংগীতজীবনের আরেকটি স্মরণীয় অধ্যায়ে পরিণত হয়। একই আয়োজনে তাকে দেশের সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মাননা জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন