প্রতিষ্ঠার ১৫ বছর পর প্রথম অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড গানপোকা। কাব্যিক কথা ও লোক ঘরানার সুরে এরই মধ্যে মঞ্চে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও এতদিন তারা কোনো অ্যালবাম প্রকাশ করেনি। এবার সেই উদ্যোগই নিয়েছে ব্যান্ডটি। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘গতিজড়তা’।
কবি চঞ্চল মাহমুদের লেখা একটি গান প্রকাশের মধ্য দিয়েই অ্যালবামের যাত্রা শুরু হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে গানপোকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানপোকা জানিয়েছে, তারা নিজেদের ‘গানের শ্রমিক’ বলে পরিচয় দেয়। তাই শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রথম গান প্রকাশের জন্য মে দিবসকে বেছে নেওয়া হয়েছে।
গানটি প্রসঙ্গে গীতিকার ও কবি চঞ্চল মাহমুদ বলেন, ‘শাসকচক্র পৃথিবীটাকে যেভাবে দুর্বিষহ করে তুলছে, তার বিরোধিতা করতে করতেই আমরা সমবেত কণ্ঠে একটি প্রতিবাদের ভাষা তৈরি করতে চেয়েছি এই গানের মাধ্যমে। পৃথিবীটা প্রাকৃতিকভাবে খুবই সুন্দর এক বিন্যাস—নতুন বিন্যাসের আকাঙ্ক্ষাই এই গানের অনুপ্রেরণা।’
গানটির ভোকাল মিথুন হাসান বলেন, ‘আমাদের গান আমরা রেকর্ড করার আগেই অনেকে রেকর্ড করে নিয়েছেন এবং নিজেদের গান বলে প্রচার করেছেন। এমনকি কপিরাইট নিয়েও আমাদের বেশ ঝক্কি পোহাতে হয়েছে। আমরা শিল্পীদের সঙ্গে কোনো বিরূপ সম্পর্ক তৈরি করতে চাই না, তবে আমাদের গানগুলোর অফিশিয়াল রেকর্ড থাকা জরুরি। তাই রেকর্ডিংয়ে নেমেছি।’
ছয় গানের এই অ্যালবামের অন্য গানগুলো হলো—হাসনাত প্রধানের লেখা ‘নদী’, তারেক মাহমুদের লেখা ‘আমবাগানে’, জাহিদ জগতের লেখা ‘পিরিতি নয় আমার কাজ’, চঞ্চল মাহমুদের লেখা ‘সব কথা মিথ্যে’ এবং ব্যান্ডের নিজস্ব গান ‘পোষাপাখি’।
এই দীর্ঘ যাত্রায় গানপোকা হারিয়েছে তাদের দুজন গুরুত্বপূর্ণ সদস্যকে—‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক একটি দুর্ঘটনায় এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধান এক বিরল রোগে মারা যান। প্রথম অ্যালবামটি তাদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।
ব্যান্ডটি জানিয়েছে, অ্যালবামের গানগুলো প্রতি মাসে একটি করে তাদের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

