আগামীকাল ৩০ জুলাই, বাংলাদেশের পর্দা মানসী ববিতার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই-তে তিনি এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনুষ্ঠানের নির্মাতা ও সঞ্চালক আবদুর রহমান। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে নির্মিত এই অনুষ্ঠান ‘বরেণ্য ববিতা’ প্রচারিত হবে ৩০ জুলাই সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
ববিতাই বাংলাদেশের একমাত্র নায়িকা, যিনি অস্কারবিজয়ী বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমার নাম ‘অশনি সংকেত’।
শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে তিনি প্রথম ‘সংসার’ সিনেমায় অভিনয় করেন। এর পরপরই নায়িকা হিসেবে এহতেশামের ‘পিচঢালা পথ’ সিনেমায় অভিনয় করেন নায়করাজ রাজ্জাকের বিপরীতে।
১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ সিনেমায় ‘চাঁদনী’ চরিত্রে অভিনয় করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি একে একে ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’ ও ‘কে আপন কে পর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৬ সালে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।
সর্বশেষ তাঁকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দশ বছরেরও বেশি সময় আগে অভিনয়ে দেখা গিয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

