বরফের রাজা-খ্যাত মেরু ভালুক বা পোলার বিয়ার। এরা আসলে বরফের মতোই সাদা—এই ধারণা গেঁথে আছে আমাদের মনে। কিন্তু বাস্তবতা কি তাই? আর্কটিক অঞ্চলের প্রাণী বিশেষজ্ঞদের মতে, মেরু ভালুক, কিংবা ভালুকরা আসলে সাদা চামড়ার নয়। তাদের চামড়ার রঙ মূলত কালো। নবজাতক মেরু ভালুক শাবকের ত্বক আবার গোলাপি হয়। ৫০০ গ্রাম ওজনের এই শাবকগুলো হয় অন্ধ ও দাঁতহীন। এদের পশম থাকে না। তিন থেকে চার মাস বয়সে শাবকের গোলাপি ত্বক কালো হয়ে যায়। তাদের ঘন পশমের নিচে কালো ত্বক স্পষ্ট দেখা যায়। স্বচ্ছ পাতলা লোম সূর্যের আলো প্রতিফলিত করে, যা আমাদের চোখে মেরু ভালুককে সাদা দেখায়। মেরু ভালুকের কালো চামড়া থাকার বেশ কিছু কারণ আছে। বেশির ভাগই সূর্যের সঙ্গে সম্পর্কিত। তাদের লোম স্বচ্ছ হলেও গাঢ় রঙ সূর্যের তাপ শোষণ করে এবং ঠান্ডা আর্কটিক পরিবেশে মেরু ভালুকদের উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়া কালো ত্বক সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে মেরু ভালুকদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

