তপ্ত রোদে বেশি বেশি শরবত ও পানি পান করা ভালো। পহেলা বৈশাখের দিনে ঠান্ডা শরবত পান করতে ভালো লাগে। আবার স্বাস্থ্যের জন্যও ভালো।
কাঁচা আমের জুস
উপকরণ
কাঁচা আম ৪টি, পানি ৮ কাপ, চিনি স্বাদমতো, বিট লবণ আধা চা চামচ, সরষে বাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, পুদিনাপাতা বাটা ১ টেবিল-চামচ ও লবণ প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে আমের খোসা ছাড়িয়ে আঁটি ফেলে দিতে হবে। এবার আম টুকরো করে কেটে নিতে হবে। এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে।
বেলের শরবত
উপকরণ : পাকা বেল মাঝারি ১টা, চিনি পরিমাণমতো, দুধ পাউডার এক চামচ (না হলেও চলে) ও ঠান্ডা পানি বা নরমাল পানি।
প্রস্তুত প্রণালি : চামচ দিয়ে চেঁছে সব বেল নামিয়ে নিন। এবার সামান্য পানি যোগ করে হাত দিয়ে মেখে নরম করে নিন। আঁশ বা ছোবাগুলো এভাবে বের করে ফেলে দিন। এবার ঠান্ডা পানি যোগ করুন, কিংবা নরমাল পানি দিয়ে ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিন। এই পর্যায়ে এক চামচ দুধ পাউডার যোগ করতে পারেন (এতে স্বাদ কিছুটা বেড়ে যাবে)। চিনি যার যেমন ইচ্ছা নিয়ে মিশিয়ে নিতে পারেন। আর ডায়াবেটিস রোগী হলে আপনার জন্য নির্ধারিত চিনি ব্যবহার করুন। ব্যস হয়ে গেল বেলের শরবত।
মুড়ালি
উপকরণ : ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা চামচ ও তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)।
প্রস্তুত প্রণালি : ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে কাটতে হবে। ডুবো তেলে মাঝারি আঁচে ভাজতে হবে। বাদামি করে ভেজে ঠান্ডা করতে হবে। অন্য পাত্রে চিনি ও সামান্য পানি দিয়ে চিনি গলাতে হবে। ঘন হয়ে এলে কাঠের নাড়ুনি দিয়ে নাড়তে হবে। চিনিতে যখন পাক ধরবে, তখন ভাজা মুড়ালিগুলো দিয়ে দ্রুত নেড়েচেড়ে নামাতে হবে। যদি লাল মুড়ালি বানাতে চান, তবে ওই শিরায় খাওয়ার রঙ মেশাতে হবে। এভাবে নোনতা মুড়ালিও বানানো যায়। সে ক্ষেত্রে গুঁড়ের পরিবর্তে বিট লবণ ও মরিচের গুঁড়ো মাখাতে হবে।
লবঙ্গ লতিকা পিঠা
উপকরণ : খামির-ময়দা বড় ২ কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ সামান্য, লবঙ্গ ১৫-২০টি, তেল ভাজার জন্য পরিমাণমতো, পানি প্রয়োজনমতো। ময়দা, তেল ও লবণ দিয়ে শক্ত খামির তৈরি করুন। ২ কাপ নারকেল কোরা ও গুড়/চিনি ১ কাপ একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করুন। চিনি ৪০০ গ্রাম ও পানি ১ কাপ জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন।
প্রস্তুত প্রণালি: এবার খামির নিয়ে পাতলা রুটি বেলে তার মাঝখানে পুর দিয়ে চারকোনা পরোটার মতো ভাঁজ করে মাঝখানে একটি করে লবঙ্গ দিয়ে পিঠার মুখ আটকে দিন। এবার ডুবোতেলে ভেজে চিনির সিরায় কিছুক্ষণ রেখে তুলে নিন। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার লবঙ্গ লতিকা।
কাঁচা আমের শরবত
উপকরণ
কাঁচা আম বড় ২টি, চিনি ৬ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, বিট লবণ আধা চা চামচ, কাঁচামরিচ ৩টি, লবণ আধা চা চামচ ও পানি প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি
আমের খোসা ছিলে ধুয়ে টুকরা করে কেটে আমের আঁটি ফেলে দিন। প্যানে পানি গরম করে আম সিদ্ধ করে ব্লেন্ডারে দিয়ে সব উপকরণ মিশিয়ে একসঙ্গে ব্লেন্ড করুন। বরফ দিয়ে পরিবেশন করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

