সফল হতে নিজেকেই আগে বদলাতে হবে

সফল হতে নিজেকেই আগে বদলাতে হবে

সফল হতে কে না চায়? কর্মজীবনে অনেকেরই আক্ষেপ থাকে—অন্যদের ভালো ইনক্রিমেন্ট হচ্ছে, আমার হচ্ছে না কেন? কেউ কেউ হতাশ হয়ে দিনের পর দিন একইভাবে কাজ করে যান। কিন্তু তারা অনেক সময় নিজেকে প্রশ্ন করেন না—কেন আমার উন্নতি হচ্ছে না? এর জন্য দায়ী কে—আমি, নাকি ম্যানেজমেন্ট?

মানুষের স্বাভাবিক প্রবণতা হলো নিজের ভুল দেখতে বা স্বীকার করতে না চাওয়া। অথচ অন্যের ভুল নিয়ে আলোচনা করতে আমরা বেশ আগ্রহী। ক্যারিয়ারে উন্নতি করতে হলে সবার আগে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, পরিবর্তনের শুরুটা অন্যকে দিয়ে নয়, নিজেকে দিয়ে। সফলতা কোনো সরল রাস্তা নয়। এটি অনেকটা আঁকাবাঁকা রেললাইনের মতো—কখনো গতি বাড়বে, কখনো কমবে, আবার কখনো বাধা আসবে; কিন্তু থেমে গেলে চলবে না।

বিজ্ঞাপন

গুছিয়ে কাজ করুন

আপনি যে কাজই করেন, তার একটি নির্দিষ্ট পদ্ধতি তৈরি করুন। সম্ভব হলে এমন ফরম্যাট বা টেমপ্লেট বানান, যেখানে প্রয়োজনীয় তথ্য দিলেই রিপোর্ট তৈরি হবে। প্রতিদিন, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক কাজের তালিকা তৈরি করুন এবং ডেডলাইন লিখে রাখুন। এতে ভুল ও সময়ক্ষেপণ কমবে।

কাজের ওনারশিপ নিন

করপোরেট জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি হলো Ownership বা দায়িত্বের মালিকানা। ‘ক্ষতি হলে কোম্পানির হবে, আমার কী’—এই মানসিকতা বাদ দিতে হবে। প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করুন। কোনো সমস্যা দেখলে শুধু ‘এটা আমার কাজ নয়’ না বলে ভাবুন—‘কীভাবে সমাধান করা যায়।’

শুধু রুটিন কাজ করে থেমে থাকবেন না

ভালো ইনক্রিমেন্ট বা পদোন্নতি চাইলে নতুন দায়িত্ব নিতে হবে। নতুন সমস্যা সমাধান করুন, প্রচলিত কাজকে আরো সহজ ও কার্যকর করার চেষ্টা করুন। বস যেন বলতে পারেন—‘এই কাজটি সে করেছে, তাই তাকে বেশি মূল্যায়ন করা যায়।’ শুধু গতানুগতিক দায়িত্ব পালন করলে মূল্যায়নও অনেক সময় গতানুগতিকই হয়।

কাজ করার আগে কাজটি বুঝুন

কাজ হাতে পেয়েই শুরু না করে আগে বুঝুন—এর উদ্দেশ্য কী, কার জন্য এবং কী ফলাফল প্রত্যাশিত? ম্যানেজমেন্ট কী ধরনের তথ্য দেখতে চায়, কোন বিষয়কে গুরুত্ব দেয়, তা বোঝার চেষ্টা করুন। ম্যানেজমেন্ট মিটিংয়ে শুধু উপস্থিত না থেকে তাদের প্রশ্ন, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ধরন লক্ষ করুন।

বসের কাছ থেকে শিখুন

বসকে প্রতিদ্বন্দ্বী নয়, শিক্ষক হিসেবে দেখুন। গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করে তার পরামর্শ নিন। ভুল হলে শিখুন এবং একই ভুল দ্বিতীয়বার না করার চেষ্টা করুন। এতে আপনার কাজের মান যেমন বাড়বে, তেমনি আপনার প্রতি আস্থাও তৈরি হবে।

সমস্যার সঙ্গে সমাধানও নিয়ে যান

শুধু ‘স্যার, সমস্যা হয়েছে’ বলবেন না; বলুন, ‘সমস্যাটি এখানে হয়েছে, আমার মনে হয় এভাবে সমাধান করা যেতে পারে।’ সমস্যা শনাক্ত করার পাশাপাশি সমাধানের পথ দেখাতে পারা একজন কর্মীকে অন্যদের থেকে আলাদা করে।

কমিউনিকেশন ও প্রযুক্তিতে দক্ষ হন

ই-মেইল লেখা, রিপোর্ট উপস্থাপন, মিটিংয়ে কথা বলা এবং সংক্ষেপে নিজের বক্তব্য তুলে ধরার দক্ষতা তৈরি করুন। পাশাপাশি AI, Excel, Power BI, Automation ও কাজ-সংশ্লিষ্ট সফটওয়্যার শেখার চেষ্টা করুন। প্রযুক্তি আপনার কাজকে দ্রুত, সহজ ও নির্ভুল করতে পারে।

ডেটা দিয়ে কথা বলুন

‘বিক্রি কমেছে’ বলার চেয়ে ‘বিক্রি ১২ শতাংশ কমেছে এবং এর প্রধান কারণ তিনটি’—এভাবে বলা বেশি কার্যকর। আর যদি বলেন, ‘এই পদক্ষেপগুলো নিলে বিক্রি পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে,’ তাহলে আপনি শুধু তথ্য দিচ্ছেন না, সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করছেন।

নিজের রেকর্ড রাখুন

বছর শেষে appraisal-এর সময় অনেকেই গুরুত্বপূর্ণ কাজের কথা মনে করতে পারেন না। তাই নিজের একটি Career Achievement File রাখুন। নতুন দায়িত্ব, সমস্যা সমাধান, সময় বা খরচ সাশ্রয়, নতুন রিপোর্ট কিংবা অতিরিক্ত অবদান—সব লিখে রাখুন। ভবিষ্যৎ মূল্যায়ন ও চাকরির সাক্ষাৎকারেও এগুলো কাজে আসবে।

ব্যবসা ও নেতৃত্ব বুঝুন

আপনার বিভাগ কোম্পানির আয়-ব্যয়ের সঙ্গে কীভাবে যুক্ত, তা বোঝার চেষ্টা করুন। যে কর্মী শুধু নিজের কাজ বোঝেন, তিনি ভালো কর্মী হতে পারেন; কিন্তু যিনি নিজের কাজের পাশাপাশি পুরো ব্যবসা বোঝেন, তিনি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বেশি প্রস্তুত।

জুনিয়র সহকর্মীকে শেখান, অন্যকে সহযোগিতা করুন, দায়িত্ব নিতে শিখুন। লিডারশিপ মানে শুধু অন্যকে দিয়ে কাজ করানো নয়; বরং অন্যদের আরো ভালোভাবে কাজ করার সুযোগ তৈরি করা।

নৈতিকতা ও কমিটমেন্ট বজায় রাখুন

ভুল তথ্য দেওয়া, অন্যের কাজ নিজের নামে চালানো, কিংবা ম্যানেজমেন্টকে বিভ্রান্ত করা সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে ক্যারিয়ার ধ্বংস করতে পারে। আপনার সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাসযোগ্যতা।

কোনো কাজ ব্যর্থ হলে ‘দোষ কার’ না ভেবে ‘কেন ব্যর্থ হলো’—এই প্রশ্ন করুন। ভুল থেকে শিক্ষা নিয়ে একই ভুল যেন আর না হয়, সেই ব্যবস্থা করুন।

শেষকথা

সফলতার জন্য শুধু ভাগ্যের ওপর নির্ভর করলে হবে না। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে হবে। কাজের মালিকানা নিতে হবে, নতুন কিছু শিখতে হবে, প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, ডেটা বুঝতে হবে এবং ম্যানেজমেন্টের চিন্তাধারা বোঝার চেষ্টা করতে হবে।

মনে রাখবেন, ক্যারিয়ারে বড় পরিবর্তন সাধারণত এক দিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট উন্নতিই একসময় বড় সাফল্যে পরিণত হয়। আপনি আজ যেখানে আছেন, সেটিই আপনার শেষ ঠিকানা নয়। আগামী দিনে কোথায় পৌঁছাবেন, তার বড় একটি অংশ নির্ভর করছে—আজ আপনি নিজেকে কতটা বদলাতে ও উন্নত করতে প্রস্তুত তার ওপর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন