আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলার সমাজ ও সংস্কৃতি পুনর্গঠনে সুফিসাধকেরা কেন গুরুত্বপূর্ণ

মুহাম্মাদ রাহাতুল ইসলাম

বাংলার সমাজ ও সংস্কৃতি পুনর্গঠনে সুফিসাধকেরা কেন গুরুত্বপূর্ণ

বাংলার হাজার বছরের ইতিহাসে সুফি-দরবেশদের আগমন শুধু ধর্মীয় ঘটনা নয়, বরং এটি ছিল এক অভূতপূর্ব সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে ইসলামের যে বন্ধন গড়ে উঠেছে, তার সূত্রধর ছিলেন এই সাধকেরাই।

বাংলার সমাজে ছড়িয়ে থাকা অনাচার, অনৈতিকতা, আন্তঃধর্মীয় বিভাজন, চারিত্রিক স্খলন ও নৈতিক অবক্ষয় রোধে সুফিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক দলিল বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলায় মুসলিম সমাজ ও সংস্কৃতি গঠনে সুফি-সাধকদের অবদান বিশেষভাবে চারটি ক্ষেত্রে উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

​বাংলায় মুসলিম রাষ্ট্রকাঠামো গঠনে সুফিদের অগ্রযাত্রা

বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা ও এর সীমানা প্রসারে সুফিরা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি তারা সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ত্রিবেণী-হুগলি বিজয়ী খান জাহান, রোকনুদ্দিন বারবাক শাহর অধীনে ত্রিপুরা বিজয়ী শাহ ইসমাইল গাজী, চট্টগ্রাম বিজয়ী কদল খান গাজী এবং দক্ষিণবঙ্গ বিজয়ী খান জাহান আলী উল্লেখযোগ্য।

শাসকশ্রেণির ওপর রাজনৈতিক ও নৈতিক প্রভাব

বাংলার সুলতান ও প্রভাবশালী শাসকরা সুফি-দরবেশদের প্রতি যে গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করতেন, তা তৎকালীন রাজনীতিতে এক অনন্য মাত্রা যোগ করেছিল। শাসকরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সুফিদের পরামর্শ নিতেন। তাদের দোয়া ও সান্নিধ্য লাভকে নিজেদের রাজত্বের স্থায়িত্বের অন্যতম উপাদান মনে করতেন। ক্ষেত্রবিশেষে শাসকরা সুফি সাধকদের শাসনের প্রতিদ্বন্দ্বী হিসেবেও ভাবতেন। জনতার কাছে তাদের জনপ্রিয়তা দেখে শাসকরা ঈর্ষান্বিত বা ভীত হতেন। মূলত সুফিরা ছিলেন প্রজাদের আশা-আকাঙ্ক্ষার মুখপাত্র। তারা সুলতানদের জনকল্যাণমুখী হতে এবং ন্যায়বিচার করতে বাধ্য করতেন।

​শিক্ষাবিস্তারে বৈপ্লবিক অবদান

বাংলায় সুফিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। তারা প্রতিটি খানকাহর পাশে গড়ে তুলেছিলেন সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগার। সোনারগাঁয়ে শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা প্রতিষ্ঠিত মাদরাসাটি ছিল সমগ্র উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে দেশ-বিদেশের অসংখ্য শিক্ষার্থী জ্ঞান অন্বেষণের জন্য আসতেন। তৎকালীন বাংলায় ফারসি ও আরবি ভাষার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গে সংগতিপূর্ণ যে শিক্ষাধারা গড়ে উঠেছিল, তার কৃতিত্বও সুফিদের। এই জ্ঞানচর্চার ফলেই সেনযুগের অন্ধকার দশা কাটিয়ে বাংলা এক আলোকিত জ্ঞানকেন্দ্রে পরিণত হয়েছিল।

সমাজ সংস্কার ও তান্ত্রিকতার অবসান

বাংলায় সুফিদের আগমনের আগে সমাজ বিভিন্ন ধরনের ধর্মীয় অনাচার ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল। বিশেষ করে, তান্ত্রিক গুরুবাদ সমাজকে গ্রাস করে রেখেছিল। সে সময় সমাজে নরবলি ও নানা অমানবিক প্রথাও প্রচলিত ছিল।

সুফি-সাধকরা এই অন্ধকার দূর করতে এগিয়ে আসেন। তারা উন্নত জীবনদর্শন, নিঃস্বার্থ মানবসেবা এবং ইসলামের সাম্যের বাণী দিয়ে মানুষের হৃদয় জয় করেন। উচ্চবর্ণ ও নিম্নবর্ণের মধ্যে যে গভীর সামাজিক বৈষম্য ছিল, সুফিদের খানকাহ এবং লঙ্গরখানায় এসে তা অনেকাংশে বিলীন হয়ে যায়।

সুফিবাদের এই প্রবল ঢেউ সমসাময়িক হিন্দু সমাজকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। শ্রীচৈতন্যের বৈষ্ণব ধর্মে যে প্রেম ও সাম্যের কথা বলা হয়েছে, গবেষকদের মতে তা সুফিবাদের পরোক্ষ প্রতিফলন। এভাবেই সুফিরা বাংলায় এক অসাম্প্রদায়িক, মানবিক ও সুশৃঙ্খল সমাজকাঠামোর ভিত্তি স্থাপন করেছিলেন।

বাংলার সুফি দরবেশরা ছিলেন আধুনিক বাংলার অন্যতম স্থপতি। সামরিক বিজয়, রাজনৈতিক ভারসাম্য, উচ্চতর শিক্ষার বিস্তার এবং কুসংস্কারের অবসানের মধ্য দিয়েই আজকের ‘মুসলিম বাংলা’র রূপরেখা তৈরি হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন