হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানো যায়—বর্তমান সরকার তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, ২০২৭ সালের হজ প্যাকেজে আগের বছরের তুলনায় বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ‘গতবারের তুলনায় অনেক কম মূল্যে এবার হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালে তা ২৪ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’
২০২৩ সালে হজযাত্রীদের কাছ থেকে বিমান ভাড়া বাবদ ১ লাখ ৯৭ হাজার ৯৭৯ টাকা নেওয়া হয়েছিল উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, সে সময় নেওয়া অতিরিক্ত অর্থ কোথায় গেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ‘সাধারণত সময়ের সঙ্গে ভাড়া বাড়ে, কমে না। কিন্তু বর্তমান সরকার প্রমাণ করেছে, হাজিদের জন্য বিমান ভাড়া কমানো যায়।’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার হজযাত্রীদের বিমান ভাড়া কমানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, হজযাত্রীদের সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। আগামী দিনেও আরও সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে হজ ব্যবস্থাপনা পরিচালনার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন ধর্মমন্ত্রী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


