সংবাদ সম্মেলনে মাহাদী আমীন

তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্ব জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্ব জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে, দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে; মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো।

সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বে সরকার গঠিত হয়। সরকারের ১০০ দিনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। দেশের এক ঐতিহাসিক মুহূর্তে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, জনগণের অবিস্মরণীয় ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব গ্রহণ করেছে। দীর্ঘ দুঃশাসনের পর, রক্তস্নাত জুলাই গণভ্যুত্থান এবং ১৬ বছরের ত্যাগ-সংগ্রামের গণতান্ত্রিক অভিযাত্রা পেরিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে, দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে; মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যে সরকার দেশের জন্য কাজ করবে এবং জনগণের কাছে জবাবদিহি থাকবে। আর তাই দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ভোট প্রদানের কালি মোচনেরও অনেক আগে, সরকার গঠনের প্রথম দিন থেকেই, প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাতনির্ভর ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন, যার ফলে পুরো রাষ্ট্রকাঠামো একযোগে লক্ষ্য স্থির করে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে অনিঃশেষ কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনমানে এরই মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন