ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, সারাদেশে আরো বৃষ্টির পূর্বাভাস

ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, সারাদেশে আরো বৃষ্টির পূর্বাভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার ভোর থেকে শুরু হয়ে সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এর আগের তিনদিন তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম পড়ে সারাদেশে। গরমে মানুষ যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে রাজধানীতে সামান্য বৃষ্টি যেন স্বস্তি এনে দেয়।

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল। সারাদেশেও বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হয়েছে।

বৃষ্টির পাশাপাশি কালো মেঘে ছিল আকাশে। আগের কয়েকদিনের তুলনায় গতকাল বুধবার দিনের তাপমাত্রাও কমেছে।

বুধবার সন্ধ্যা ৬টায়, এর আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৫১টি সেন্টার এলাকায় তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড ও পর্যবেক্ষণে দেখা যায়, দেশের সব এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ নীলফামারীর ডিমলায় ১৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ দিন ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র ৪ মিলিমিটার। চট্টগ্রামের সীতাকুন্ডে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ এবং বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী আরো বৃষ্টির আভাস দিয়েছে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি পূর্বাভাসে জানায়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তা হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।

অন্যদিকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন