উঁকি দিচ্ছে নতুন বৃষ্টিবলয়, দেশজুড়ে ফের ভারী বর্ষণের শঙ্কা

উঁকি দিচ্ছে নতুন বৃষ্টিবলয়, দেশজুড়ে ফের ভারী বর্ষণের শঙ্কা
বৃষ্টিপাত

শ্রাবণের প্রথম দিনে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি হয়তো কোনো শক্তিশালী নিম্নচাপে রূপ নেবে না এবং এর আয়ুও দ্রুত ফুরিয়ে যেতে পারে, তবে এর পরপরই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে তার সজল ডানা মেলবে আকাশে। এর ফলে আগামী ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশজুড়ে টানা অঝোর ধারায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের উত্তাল পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের নৌবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অন্য এক বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, ‘আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ২০ জুলাইয়ের পর দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সময় আরও ঘনিয়ে আসলে হয়তো ভারী বৃষ্টিপাতের আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হতে পারে।’

সিনিয়র আবহাওয়াবিদ ড. বজলুর রশিদও বলেছেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে খুব বেশি বৃষ্টি না ঝরালেও ২০ জুলাইয়ের পর মৌসুমি বায়ুর সক্রিয়তায় সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও নীলফামারীর সৈয়দপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিনের তুলনায় এই তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। এছাড়া বৃহস্পতিবারও দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম ছিল। সিলেটে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার এবং রাজধানীতে এক মিলিমিটারেরও কম বৃষ্টি হয়েছে।

তবে শুক্রবার থেকে শুরু করে আগামী ২৫ জুলাই পর্যন্ত দেশের আকাশ মেঘে ঢাকা থাকবে। বিশেষ করে রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিওটির বার্তা অনুযায়ী, এই টানা বর্ষণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীগুলোর পানি উপচে বিপদসীমা অতিক্রম করতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে বজ্রপাত এবং সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের নীরব শঙ্কা তৈরি হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন