রাজধানীসহ দেশজুড়ে দুইদিন বৃষ্টি থাকবে: আবহাওয়া অধিদপ্তর

রাজধানীসহ দেশজুড়ে দুইদিন বৃষ্টি থাকবে: আবহাওয়া অধিদপ্তর

মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে শুরু করেছে বৃষ্টিপাতের প্রবণতা। আগামী ৮ আগস্ট পর্যন্ত এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বলছে, দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে আংশিক বৃষ্টি বলয় ‘নির্ঝর’, যার প্রভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে। সারাদেশেও কমবেশি বৃষ্টি হয়েছে। যা মৌসুমি বায়ুর সক্রিয়তা ক্রমেই বাড়ছে বলে আবহাওয়াবিদদের দেওয়া পূর্বাভাসেরই বাস্তব প্রতিফলন।

কয়েকদিনের বিরতির পর সোমবার থেকেই দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে । এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ৭৯, নেত্রকোনায় ৬২, কক্সবাজারের কুতুবদিয়ায় ৬১, ও নীলফামারীর ডিমলায় ৭৯, কক্সবাজারে ৫৪, বান্দরবানে ৫০, ফেনীতে ৪৭ এবং রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৮৪ মিলিমিটার। একই সময়ে হয়েছে চাঁদপুরে ৭৬ ও ময়মনসিংহে ৭৫ মিলিমিটার। এদিন সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে প্রবণতা ছিল তুলনামূলক বেশি। এদিন সারাদেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রী।

বিকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এর আগে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বুধবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকতে পারে, পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, সূর্যের আলো এখন খাড়াভাবে বিকিরিত হচ্ছে, আর বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ-পশ্চিম বায়ুর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় এই অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।

বৃষ্টি বলয় সক্রিয় থাকাকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীর পানি বেড়ে অতিবন্যাপ্রবণ নিচু এলাকায় সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে রোদের পরিমাণ কম থাকবে এবং ৫ ও ৬ আগস্ট সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে দক্ষিণাঞ্চলে মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে। সাগরে বড় কোনো সিস্টেমের আশঙ্কা না থাকলেও গভীর সঞ্চালনশীল মেঘের কারণে সাময়িক দমকা বা ঝড়ো হাওয়ার ঝুঁকি থাকতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে কেবল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে সংস্থাটি আশঙ্কা করছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা, তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা, সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা জেলা বন্যা ঝুঁকি রয়েছে।

এছাড়া আগামী ৪৮ থেকে ১২০ ঘণ্টায় ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলা এবং ভুগাই-কংস অববাহিকাভুক্ত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন