সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ১৬ জেলায় ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে।
শুক্রবার দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এ তথ্য জানান।
তিনি বলেন, পুরো দেশের ওপর দিয়ে শুক্রবার রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬ জেলার ওপর ঝড়ের তীব্রতা ও বড় আকারে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

