জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৩৬ শতাংশ বেশি বৃষ্টি

জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৩৬ শতাংশ বেশি বৃষ্টি
ছবি: সংগৃহীত।

জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসের শুরুতে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যাশার চেয়ে অনেক বেশি বর্ষণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে জানান, দেশে সাধারণত জুলাই মাসেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, যার গড় পরিমাণ প্রায় ৫৫৭ মিলিমিটার। এবার জুন মাসে স্বাভাবিকের চেয়ে ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টি হলেও জুলাইয়ে তা স্বাভাবিকের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। তিনি জানান, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে, তবে সর্বোচ্চ রেকর্ড হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬৯২ মিলিমিটার ধরা হলেও প্রকৃতপক্ষে হয়েছে ১০৪৭ মিলিমিটার, অর্থাৎ ৫১ শতাংশ বেশি। চূড়ান্ত পরিসংখ্যান আজ রোববারের মাসিক সভা শেষে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকার নিম্নচাপটি রাজস্থানের দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে, যা রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর ফলে রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এই অবস্থা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার পর ৫ আগস্ট থেকে ঢাকা ও রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গত মাসের মতো টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।

বর্ষাকালে বৃষ্টির প্রবণতা বাড়ার কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বহন করে আনাই এর মূল কারণ। এছাড়া স্থল ও সমুদ্রের তাপমাত্রার পার্থক্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, হিমালয়-মেঘালয়ের পাহাড়ের অরোগ্রাফিক প্রভাব, মৌসুমি বায়ুর অক্ষরেখার সক্রিয়তা এবং আর্দ্র বাতাসের ঊর্ধ্বগমনও ভারী বৃষ্টিপাতে ভূমিকা রাখে। তিনি জানান, এসব কারণেই সিলেট ও চেরাপুঞ্জি অঞ্চলে বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়ে থাকে।

শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮০ মিলিমিটার। এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। তাপমাত্রার দিক থেকে শনিবার দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা রাজধানী ও কিশোরগঞ্জের নিকলিতেও একই ছিল। আগামী দুই দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন