যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে যুদ্ধের পরিধি আরো বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বুধবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের ধাক্কা খাওয়ায় ওয়াশিংটনের বৈরী নীতিতে পরিবর্তন আসবে—এটা আশা করা ভুল।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, মার্কিন জনগণ যুদ্ধের বিপক্ষে রায় দিয়েছে। তবে নির্বাচনি ধাক্কা সত্ত্বেও ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানান ট্রাম্প। দ্বীপটিতে পাঁচটি বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ট্রাম্প দাবি করেন, সেখানে নির্মিত একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তাদের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর আগে ট্রাম্প ইরানের আরও একাধিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিলেও বলেছেন, পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরুর প্রয়োজন না-ও হতে পারে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে হামলার জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সংলাপের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে। কাতারও জানিয়েছে, দুই পক্ষ তাদের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। চীন বলেছে, নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানোই এখন তাদের কূটনৈতিক প্রচেষ্টার প্রধান লক্ষ্য।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে সংঘাত কার্যত অচলাবস্থায় থাকলেও নতুন করে হামলা হলে ব্যাপক পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন