ইয়েমেনের আল-জাওফ, আল-বায়দা, সাদা, তাইজসহ কয়েকটি প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তবে হতাহতদের পরিচয় বা তারা বেসামরিক নাগরিক কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, হুথিদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালায় তারা আরো অগ্রসর হয়েছে। এর আগের দিন ওই এলাকার উঁচু স্থানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল বাহিনী। হুথিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সেখানে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে তারা।
বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন স্থানে হুথিদের সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে সরকারি বাহিনী।
এদিকে ইয়েমেন আর্মি মিডিয়া বুধবার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এতে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজমে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

