চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল কাদের চৌধুরীর অবদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল কাদের চৌধুরীর অবদান

ফজলুল কাদের চৌধুরী ছিলেন ষাটের দশকে তৎকালীন পাকিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের স্পিকার। এছাড়া তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিক্ষা, কৃষি, তথ্য, সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৬৩ সালের ১২ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল কাদের চৌধুরী। তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ টি এম মোস্তফাকে কুমিল্লার পরিবর্তে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়। ১৯৬৪ সালের ৯ মার্চ তার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়। পরবর্তী সময়ে একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রাম শহর ও এর আশপাশের এলাকা পরিদর্শন শেষে নগরীর অনতিদূরে হাটহাজারীর পাহাড়ঘেরা নান্দনিক পরিবেশে বিশাল এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অত্যন্ত পরিতাপের বিষয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত ৬০ বছরে ফজলুল কাদের চৌধুরীর অবদানকে প্রতিষ্ঠাতা হিসেবে কোনো মহল থেকে স্বীকৃতি দেওয়া হয়নি। অধিকন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসকে পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছে। এর জন্য বিগত দিনে আওয়ামী লীগ ও সুবিধাবাদী শ্রেণির বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরা প্রত্যক্ষভাবে দায়ী।

ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ, যা বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেরিন একাডেমি ও চট্টগ্রাম মেরিন ফিশারিজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এসব উচ্চশিক্ষার বাতিঘর এখনো সারা চট্টগ্রামে আলো ছড়ালেও তার এই অসামান্য অবদানকে সুকৌশলে অবজ্ঞা করা হচ্ছে।

বলা আবশ্যক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৮ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহাসমারোহে হীরকজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে।

তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ফজলুল কাদের চৌধুরীর অবদানকে স্বীকৃতি দিতে আগামী হীরকজয়ন্তী অনুষ্ঠানে তার নামে একটি স্মৃতিস্তম্ভ, চত্বর অথবা সমমর্যাদার অন্য কোনো স্থাপনা নির্মাণের আবেদন জানাচ্ছি।

লেখক : প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...