পোশাক খাতে অস্থিরতায় ইন্ধন ও সরকারের ক্রিয়া-প্রতিক্রিয়া

পোশাক খাতে অস্থিরতায় ইন্ধন ও সরকারের ক্রিয়া-প্রতিক্রিয়া

গেল সপ্তাহে সরকারকে বড় ধরনের ঝাঁকুনি দিল পোশাক খাতের শ্রমিক আন্দোলন। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকা এবং ঢাকার প্রবেশ মুখগুলোতে যে ধ্বংসাত্মক আন্দোলন ও নৈরাজ্যমূলক পরিস্থিতি দেখা গেছে, তার পেছনে যে পতিত আওয়ামী শক্তির সম্পৃক্ততা এবং সক্রিয় অংশগ্রহণ ছিল, সেটি খালি চোখেই দেখা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের মন্ত্রী ও দলীয় নেতারা গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, সীমান্তের বাইরে থেকে পোশাকশ্রমিকদের ইন্ধন দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীও একই অভিযোগ করেছেন। আবার আন্দোলনে অর্থের জোগানের বিষয়েও গোয়েন্দা রিপোর্টে আওয়ামী ঘরানার ব্যবসায়ীদের নাম সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে এনবিআরের নির্দেশ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

৫ নভেম্বর এনবিআর ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। পাশাপাশি পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ তদন্তের কথা জানানো হয়েছে। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ এখনো তদন্তাধীন। ব্যাংক হিসাব জব্দের মাধ্যমে সরকার শিল্প খাতে নাশকতা, অস্থিতিশীলতা ও অর্থায়নের উৎস অনুসন্ধানে কঠোর অবস্থানের বার্তা দিতে চেয়েছে। বিশেষ করে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ থাকায় বিষয়টিকে অনেকে সংবেদনশীল হিসেবে দেখছেন। যথাযথ প্রমাণ ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া ছাড়া ঢালাওভাবে হিসাব জব্দ করাকে রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যবসায়ীদের ওপর নির্বিচারে চাপ সৃষ্টি হিসেবে দেখছেন অনেকে।

পোশাকশিল্প খাত বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয় এবং প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। বড় শিল্পগোষ্ঠীর ব্যাংক হিসাব জব্দ হলে আমদানি-রপ্তানির এলসি, শ্রমিকদের বেতন, কাঁচামাল কেনা ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কাও অমূলক নয়। এতে বিদেশি ক্রেতাদের আস্থা, বিনিয়োগ এবং দেশের রপ্তানি প্রতিযোগিতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারের নীতিনির্ধারকরা নিশ্চয়ই এসব বিষয় বিবেচনায় রাখছেন।

নৈরাজ্য সৃষ্টিতে অর্থায়নের অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। শেখ হাসিনার সরকারের দীর্ঘ দেড় দশকে ব্যবসায়ীদের বড় অংশই দেশের নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসে ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে। বিপুল অর্থ পাচার ও লুটপাটের অংশীদারও হয়েছে অনেক ব্যবসায়ী গ্রুপ। পলাতক শেখ হাসিনার প্রতি তাদের দায়বদ্ধতা থাকা বা তাকে ফেরানোর পটভূমি রচনায় নৈরাজ্যে সহায়তা করা অস্বাভাবিক নয়। সেটি তদন্ত করে প্রমাণসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু শ্রমিক অসন্তোষের মূল কারণ—মজুরি, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশ—সমাধান না করে শুধু প্রশাসনিক পদক্ষেপ নিলে সংকটের স্থায়ী সমাধান হবে না। ঢালাও পদক্ষেপের পরিবর্তে স্বচ্ছ তদন্ত, ন্যায়সংগত আইনি প্রক্রিয়ায় প্রকৃত দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের ও শাস্তির মুখোমুখি করা যেতে পারে। পাশাপাশি শ্রমিক-মালিক-সরকার সংলাপ এবং শিল্পের স্বাভাবিক উৎপাদন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রায় দুই দশক পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকারের ৯ মাস হতে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক নানা পদক্ষেপের মাধ্যমে আশা জাগাচ্ছেন। তবে তার পরিষদ, নেতাকর্মীদের একটি বড় অংশ এবং প্রশাসনযন্ত্র কোনোভাবেই তার সঙ্গে যেন তাল মেলাতে পারছে না। ফলে জনসাধারণের মধ্যে হতাশা ও অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। জীবনঘনিষ্ঠ বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও জীবনযাত্রার ব্যয় ক্রমাগতভাবে বেড়ে চলেছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান এবং ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের মুক্তিকামী মানুষ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু রাষ্ট্রসংস্কারে ধীরগতি এবং জীবনযাত্রার ওপর একের পর এক চাপ জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে। গা-ঢাকা থেকে বেরিয়ে আওয়ামী লীগের মাথা তোলার অপচেষ্টা, জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যা-নিপীড়নের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনের অভ্যন্তরে সমন্বয়হীনতা দেশকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে সংঘটিত অনেকগুলো ঘটনা জানান দিচ্ছেÑপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখনো ফ্যাসিবাদের দোসরদের সদর্প বিচরণ রয়েছে এবং গণঅভ্যুত্থানের সোয়া দুবছর পরও তাদের শিকড় উৎপাটন করতে অন্তর্বর্তী ও বিএনপি সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকার ও সরকারি দলের মধ্যে সমন্বয়হীনতা এবং অগোছালো অবস্থার সুযোগ নিয়েই পতিত শক্তির প্রেতাত্মারা জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর সাহস পাচ্ছে। অভ্যুত্থানের পর প্রশাসন ঢেলে সাজানোর কথা থাকলেও বহু জায়গায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের সুবিধাভোগী আমলা ও পুলিশ কর্মকর্তারা বহাল তবিয়তে থেকে এই ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সুযোগ করে দিচ্ছেন।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধ এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে মন্থরগতিতে। দুটি ট্রাইব্যুনাল চলমান থাকলেও দৃশ্যমান ও দ্রুতগতির বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতির সুবাদেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা আত্মগোপন থেকে বেরিয়ে এসে হুমকি-ধমকি দিচ্ছে। সরকারি স্থাপনা লক্ষ্য করে বোমা হামলার মতো দুঃসাহস দেখাচ্ছে।

সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে বড় ধরনের শোডাউন বা ক্ষমতার পালাবদলের হুমকি এবং দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠক ও বোমাবাজির ঘটনা জনমনে উদ্বেগ ছড়াচ্ছে। গত দেড় দশকে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, ব্যাংক লুট, গুম, খুন এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার পরও এই ফ্যাসিবাদী শক্তিগুলোর অনুসারীরা কীভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার স্পর্ধা দেখায়, তা সাধারণ জনগণের কাছে এক বড় রহস্য। ডিসেম্বরে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির যে হুংকার তারা দিচ্ছে, তা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে জনগণের মধ্যে এই বার্তা পৌঁছে যাচ্ছে যে, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা বা সক্ষমতার ঘাটতি রয়েছে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শুধু ক্ষমতার পালাবদল ছিল না; এটি ছিল একটি কাঠামোগত পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ। ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন এবং সংবিধানের মৌলিক জায়গাগুলোতে আমূল সংস্কার হওয়া অপরিহার্য ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের দেড় বছর ও বর্তমান দলীয় সরকারের ৯ মাস মেয়াদে প্রাতিষ্ঠানিক সংস্কারে অগ্রগতি নৈরাশ্যজনক।

জনগণের আকাঙ্ক্ষা ছিল—ফ্যাসিস্টদের রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা চিরতরে গুঁড়িয়ে দেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ ও তার দোসরদের সিন্ডিকেটগুলো এখনো দেশের বাজারব্যবস্থা, আমলাতন্ত্র এবং কিছু গণমাধ্যমের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। বিচার প্রক্রিয়ায় শ্লথগতি এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের বহাল তবিয়ত টিকিয়ে রাখা হলে তা গণঅভ্যুত্থানের মূল চেতনাকেই ফিকে করে দেবে।

আওয়ামী লীগের এই মাথা তোলার অপচেষ্টা এবং সরকারের দৃশ্যমান দুর্বলতা আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে মারাত্মক হুমকি তৈরি করছে। ফ্যাসিস্ট শক্তি যদি পুনর্বাসিত হওয়ার ন্যূনতম সুযোগ পায়, তাহলে রাজপথ রক্তে ভেসে যাওয়ার প্রবল ঝুঁকি তৈরি হবে। ছাত্র-জনতা যারা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের তাড়িয়েছে, তাদের জীবন যেমন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি আত্মরক্ষায় তারা কোনো অবস্থাতেই খুনিদের পুনর্বাসন মেনে নেবে না। ফলে দেশ এক রক্তক্ষয়ী সংঘাতের দিকে ধাবিত হতে পারে।

একটি কার্যকর ও টেকসই গণতান্ত্রিক উত্তরণের জন্য যে রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, তা নষ্ট করতে নানামুখী চক্রান্ত চলছে। আওয়ামী লীগ ও তার দোসররা অন্তর্ঘাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বোমাবাজি, নাশকতা এবং গোপন তৎপরতার মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোই এখন পতিত শক্তির মূল কৌশল। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

প্রসঙ্গত, আরেকটি বিষয়ের অবতারণা করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের দলের যে ভয়াবহ ভরাডুবি হয়েছে, তার অন্যতম কারণ জ্বালানির দ্বিগুণ দাম। ইরানে মার্কিন-ইসরাইল আগ্রাসনের প্রভাবে যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারি মাসে যে জ্বালানির দাম ছিল ৩ ডলার, তা ৮ মাসের ব্যবধানে দ্বিগুণ হয়ে ৬ ডলার অতিক্রম করেছে। জনগণের পকেটে হাত পড়লে তারা কিন্তু ব্যালটে প্রতিশোধ নেয়। বাংলাদেশে যত যুক্তিই থাকুক না কেন, সরকারকে জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে আরো সতর্ক ও রক্ষণশীল হতে হবে। নিম্নমধ্যবিত্ত ও অতিদরিদ্র জনগোষ্ঠী এই জ্বালানি ব্যয়ের চাপে পিষ্ট হচ্ছে। ঘরের রান্না থেকে শুরু করে যাতায়াতে পরিবহন ব্যয় পর্যন্ত জ্বালানির যে সর্বব্যাপী প্রভাব রয়েছে, তা আমলে না নিলে চড়া মূল্য দেওয়ার নজির রয়েছে দেশে দেশে।

রাজনৈতিক অস্থিতিশীলতার সবচেয়ে বড় ও তাৎক্ষণিক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। বিগত সরকারের আমলে লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি এরই মধ্যেই এক নিদারুণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রপ্তানি আয় ও রেমিট্যান্সনির্ভর বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তির জায়গা থাকলেও অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ থমকে আছে। আওয়ামী লীগের হুমকি-ধমকি, বোমাবাজি এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। দেশি উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে হাত গুটিয়ে রেখেছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা না গেলে সাধারণ শ্রমজীবী মানুষের জীবনযাত্রা সামনে আরো দুর্বিষহ হয়ে উঠতে পারে।

বর্তমান সংকট থেকে উত্তরণ এবং জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত সুফল অর্জন করতে হলে সরকারকে অবিলম্বে কঠোর ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানবতাবিরোধী অপরাধ এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সব অপরাধীর বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং তা গণমাধ্যমে স্পষ্টভাবে প্রচার করতে হবে, যাতে জনমনে আস্থার সংকট তৈরি না হয়। সরকারের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট আমলা, পুলিশ কর্মকর্তা ও সহযোগীদের চিহ্নিত করে অবিলম্বে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই প্রশাসনে আওয়ামী দোসরদের প্রশ্রয় দেওয়া যাবে না। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে এক মঞ্চে থাকতে হবে। বোমাবাজি, নাশকতার হুমকি এবং বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করতে হবে। গোয়েন্দা সংস্থাকেও ফ্যাসিস্টের দোসরমুক্ত করে আগাম ও সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি।

জনগণ রক্ত দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর পুনর্বাসনের জন্য নয়। তারেক রহমান সরকারকে অবশ্যই অনুধাবন করতে হবে যে, নমনীয়তা বা অগোছালো নীতি ফ্যাসিবাদের পুনরুত্থানকে ত্বরান্বিত করবে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে বিচার প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি, প্রশাসনের শুদ্ধি অভিযান এবং জুলাই বিপ্লবের চেতনার পূর্ণ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সময় ফুরিয়ে যাওয়ার আগেই সরকারকে লৌহকঠিন হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, নতুবা জাতির ঐতিহাসিক অর্জন চিরতরে ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

লেখক: যুগ্ম সম্পাদক আমার দেশ ও রাজনীতি বিশ্লেষক

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন