জুলাই শহীদদের স্মরণে চবিতে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা

জুলাই শহীদদের স্মরণে চবিতে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের এই আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং ন্যায় প্রতিষ্ঠার আদর্শে উদ্বুদ্ধ করবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, পরিচালক (অর্থ) মুহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ ইখতিয়ারুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. ফরহাদ রশীদ, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. হাসানুল হক বান্না, সহকারী কলেজ পরিদর্শক ডা. ইফতেখার মো. আদনান, সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম, সহকারী কলেজ পরিদর্শক ডা. রাকিবুল হাসান তান্নাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম এবং আহত জুলাই যোদ্ধা আলিফ উদ্দিন রুবেলকে ‘বিপ্লবী সম্মাননা’ প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন